হরতালে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ ঘণ্টার টানা হরতালের প্রথম দিনে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে সূচকের বড় ধরনের উত্থান ঘটেছে। এর ফলে হরতালের কোনো নেতিবাচক প্রভাবই দেখা যায়নি বাজারে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার এই হরতাল গতকাল থেকে শুরু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩ শতাংশ বা ১১০ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও ৩ শতাংশ বা ৩৫৭ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত ব্যাংকিং খাতসহ মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির কারণেই মূলত সূচকে বড় ধরনের উত্থান ঘটেছে। গতকাল তালিকাভুক্ত কয়েকটি ব্যাংক, গ্রামীণফোনসহ মৌলভিত্তির কিছু কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, কোম্পানিগুলোর বেশির ভাগেরই আয় বেড়েছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শুরু থেকেই ছিল সূচকের ঊর্ধ্বগতি। যদিও গত বৃহস্পতিবার বড় দরপতন দিয়েই বাজারে লেনদেন শেষ হয়েছিল। সেই হিসাবে গতকাল শুভসূচনা ঘটেছে। দেশের রাজনীতিতে কিছুটা সমঝোতার বাতাস বইতে শুরু করায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ। তবে এই ধারা বজায় থাকবে কি না, তা নিশ্চিত নয়।
এদিকে অতীতের মতো গতকালও হরতালের মধ্যে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কারণ, হরতালে বাজারে যাতে বড় ধরনের দরপতন না ঘটে সে জন্য নিয়ন্ত্রক সংস্থা ও রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকে।
ঢাকার বাজারে গতকাল ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৭টিরই দাম বেড়েছে, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। এদিন ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকার সাতটিই ছিল ব্যাংক। সাধারণত ব্যাংকিং খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটলে তা সূচকে বড় ধরনের প্রভাব ফেলে।
ঢাকার বাজারে গতকাল রোববার দিন শেষে প্রায় ২৫০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ২০ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে এদিন লেনদেন হওয়া ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬৯টিরই দাম বেড়েছে, কমেছে ২৮টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।