হরতালে কমেছে লেনদেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা হরতালের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারেও। হরতালের মধ্যে এদিন বাজারে স্বাভাবিক লেনদেন চললেও ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীর উপস্থিতি ছিল খুবই কম। দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনও কমে গেছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার লেনদেনের পুরো সময়জুড়েই ছিল মূল্যসূচকের উত্থান-পতন। যদিও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের অবস্থানে অপরিবর্তিত ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ৬৫৪ পয়েন্টে।ডিএসইর জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, লেনদেন শুরুর ৩০ মিনিট আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইর ১৪৮টি ব্রোকারেজ হাউস ট্রেড সার্ভারে প্রবেশ করে (লগইন)। আর ১০টা ৫০ মিনিটে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০৯-এ। ফলে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে কোনো ধরনের অসুবিধা হয়নি।নিয়ম অনুযায়ী, লেনদেন শুরুর আগে এক-তৃতীয়াংশ সদস্য যদি ট্রেড সার্ভারে লগইন করে তাহলে নির্ধারিত সময়ে লেনদেন চালু করার বিধান রয়েছে। এ কারণে হরতালে শেয়ারবাজারে লেনদেন চলবে কি চলবে না, সেটি মূলত নির্ভর করে সদস্যদের আগ্রহের ওপর।লেনদেন সচল রাখার ব্যাপারে ব্রোকারেজ হাউস বা ডিএসইর সদস্যরা স্বতঃস্ফূর্ত সমর্থন জানালেও প্রতিটি হাউসেই বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। এদিন যাঁরা লেনদেনে অংশ নিয়েছেন, তাঁদের অধিকাংশই টেলিফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচার আদেশ দিয়েছেন।আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অস্থির রাজনৈতিক পরিবেশ শেয়ারবাজারে বিনিয়োগের পরিবেশকেও কিছুটা মেঘাচ্ছন্ন করেছে। এ কারণে বিনিয়োগে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগকারীরা অনেক বেশি সতর্কতা অবলম্বন করছেন। এই মুহূর্তে অনেকেই নতুন করে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। পাশাপাশি অনেকের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও রয়েছে।মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে প্রায় পাঁচ হাজার ৪১৬ পয়েন্টে ওঠে। এটিই ছিল এদিন সূচকের সর্বোচ্চ অবস্থান। এর পরের ১৫ মিনিটে একটানা পতনে সূচক নেমে আসে প্রায় পাঁচ হাজার ৩৪৪ পয়েন্টে। এটিই ছিল রোববার ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। ফলে দিন শেষে ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান দাঁড়ায় ৭২ পয়েন্টের। দিন শেষে সাধারণ সূচক আগের দিনের পাঁচ হাজার ৩৬৭ পয়েন্টের অবস্থানে অপরিবর্তিত থাকে।ঢাকার বাজারে গতকাল ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত ছিল ১৮টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে প্রায় ৬৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১২৬ কোটি টাকা কম।সিএসইতে গতকাল ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে প্রায় ৫৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা কম।