হরতালে কেরানীগঞ্জের পোশাকশিল্পে ১০ কোটি টাকার ক্ষতি
এক দিনের হরতালেই কেরানীগঞ্জের তৈরি পোশাক কারখানা ও শোরুমগুলোর প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। স্থানীয় তৈরি পোশাক কারখানার মালিক এবং শোরুমগুলোর কর্মকর্তারা এমন কথাই জানিয়েছেন।জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর, আগানগর ছোট মসজিদ রোড, নাগরমহল, চরকালীগঞ্জ ও খেজুরবাগ এলাকা নিয়ে গড়ে ওঠা পোশাকপল্লিতে প্রায় ১০ হাজার পোশাক কারখানা ও শোরুম রয়েছে। এসব প্রতিষ্ঠানে বর্তমানে লক্ষাধিক নারী-পুরুষ কাজ করছেন। ১৮ দলের ডাকা গতকাল বুধবারের সকাল-সন্ধ্যা হরতালে এই পোশাকপল্লির অধিকাংশ কারখানা ও শোরুম বন্ধ ছিল। অল্প কিছু কারখানা ও শোরুম খোলা হলেও কোনো ক্রেতাই আসেননি। কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিলন খান প্রথম আলোকে বলেন, ‘এক দিনের হরতালে আমাদের গার্মেন্টসপল্লিতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। সামনে ঈদ, অথচ হরতালে গার্মেন্টসগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।’ তিনি আরও বলেন, দেশের অর্থনীতির কথা বিবেচনা করে বিরোধী দলের হরতাল বন্ধ করা উচিত।