হরতালে গদখালীতে ফুলের ব্যবসায় কোটি টাকার ক্ষতি
দুই দফায় পাঁচ দিনের হরতালে দেশের অন্যতম ফুল উৎপাদন অঞ্চল ও পাইকারি মোকাম যশোরের গদখালীতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী ও চাষিরা দাবি করেছেন।ব্যবসায়ী ও চাষিরা জানান, হরতালের কারণে এই কদিন দেশের কোথাও ফুল পাঠানো যায়নি। তাই স্থানীয় বাজারে পানির দরে ফুল বিক্রি হয়েছে। ব্যবসায়ী ও ফুলচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবি ও সোমবার গদখালীর ফুলের মোকামে ১০০টি গোলাপ মাত্র ১০ থেকে ২০ টাকা, রজনীগন্ধা (ভুট্টা) ৭০ থেকে ১৫০ টাকা, গাদা ফুল প্রতি হাজার ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। অথচ স্বাভাবিক সময়ে গোলাপ ৫০ থেকে ৬০ টাকা, রজনীগন্ধা (ভুট্টা) ৩০০ থেকে ৪০০ টাকা, গাদা ফুল ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়। এ ব্যাপারে গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম জানান, দুই দফায় হরতালে এই অঞ্চলের চাষিদের প্রায় কোটি টাকার ফুল নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হেমায়েত হোসেন প্রথম আলোকে বলেন, এ বছর যশোর জেলায় ৪৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের আবাদ হয়েছে।হেমায়েত হোসেন আরও বলেন, হরতালের কারণে চাষিরা ফুল বাজারজাত করতে পারেননি। এতে ফুল পচে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক।