হরতালে দিনভর চাঙা পুঁজিবাজার
সমমনা ১২টি ইসলামি দলের ডাকা হরতালে আজ রোববার পুঁজিবাজারে চাঙাভাব লক্ষ করা গেছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে (ঢাকা ও চট্টগ্রাম) বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে দুই বাজারেই।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২১ পয়েন্ট বেড়ে ৪৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৩টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪১টিরই দাম বেড়েছে, কমেছে ২৫টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার ১০৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৩ কোটি টাকা কম।এ সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিল, যমুনা অয়েল, আরএন স্পিনিং, এনবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউসিবিএল প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৪০ পয়েন্ট বেড়ে ১৪৭২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টিরই দাম বেড়েছে, কমেছে ১৪টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১১৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে আট কোটি টাকা কম।