হরতালে দুই বাজারে লেনদেন কমেছে
ইসলামি ও সমমনা ১২ দলের ডাকা হরতালে গতকাল বৃহস্পতিবার মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও সূচক সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারেই। ডিএসই সূত্রে জানা যায়, উভয় বাজারেই সব সদস্য ব্রোকারেজ হাউস ট্রেড সার্ভারে লগইন করায় গতকাল নির্ধারিত সময়ে, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। একইভাবে সিএসইতেও নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয় বলে এর কর্মকর্তারা জানান।তবে আগের হরতালের মতো গতকালও ব্রোকারেজ হাউসগুলোয় বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তাঁদের অনেকেই ফোন করে বাজারের খোঁজখবর নেন এবং লেনদেনে অংশ নেন বলে বিভিন্ন ব্রোকারেজ হাউস জানায়। মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলে। এ সময় সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। দিন শেষে এই বাজারের সাধারণ মূল্যসূচক আগের দিন, অর্থাৎ বুধবারের চেয়ে ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে চার হাজার ১৭৪ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়ায়।এদিন ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত ছিল ৩০টির।ঢাকার বাজারে গতকাল মোট লেনদেন হয়েছে ২২৫ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয় ২৪৫ কোটি টাকার।ডিএসইতে এদিনের লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, জিবিবি পাওয়ার, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, এনভয় টেক্সটাইল ও এনবিএল।অন্যদিকে গতকাল দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩৫ দশমিক ৪৬ পয়েন্টে। মোট ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ১৭টির। সিএসইতে গতকাল মোট ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম। আগের দিন এই বাজারে মোট ৮২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়।