হরতালে দোকানপাট খোলা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি ধর্মভিত্তিক দলের ডাকা গতকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট মোটামুটি খোলা ছিল। ঢাকার বাইরে চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানেও কম-বেশি দোকানপাট খোলা থাকতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় সব জায়গাতেই ক্রেতার সংখ্যা ছিল কম। গতকাল বেলা সোয়া একটার দিকে রাজধানীর পান্থপথ এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ আসবাবের দোকানপাট পুরোদমে খোলা। কয়েকটি দোকানে ক্রেতাদের আনাগোনাও লক্ষ করা গেছে। এ ছাড়া বসুন্ধরা সিটির প্রায় সব দোকান সময়মতো খুলেছে বলে জানালেন একাধিক ব্যবসায়ী।ফার্মগেটের বিপণিবিতানগুলো খোলা ছিল। এ ছাড়া চশমা, ঘড়ি, জুতা, প্রিন্টিং, হার্ডওয়্যারসহ অনেক দোকান খোলা দেখা যায়। ফুটপাতের ওপর বসা হকারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।নুরুন্নবী নামে ফার্মগেটের এক কাপড় ব্যবসায়ী দোকান খোলা রাখা প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন, ‘রাজনৈতিক দলগুলো কথায় কথায় হরতাল দেয়। আমাদের কথা তারা কখনোই ভাবে না। তাই আমরাও তাদের হরতাল নিয়ে ভাবছি না, প্রতিদিনের মতো দোকানপাট খুলছি।’একই সময় কারওয়ান বাজার ও হাতিরপুলের মূল সড়কের পাশে পারটেক্স বোর্ড ও সিরামিক পণ্য বিক্রেতা অনেক প্রতিষ্ঠানকে শাটার অর্ধেক ফেলে বেচাকেনা করতে দেখা যায়। এখানকার কিছু দোকান অবশ্য বন্ধ ছিল। তবে কারওয়ান বাজারের কাঁচাবাজার ও আশপাশের দোকানপাট খোলা ছিল।পুরান ঢাকার বাংলা বাজার, শাঁখারী বাজার, ইসলামপুর, নারিন্দা, তাঁতীবাজার, যাত্রাবাড়ী এলাকার বেশির ভাগ দোকানপাট সকাল থেকেই খোলা দেখা গেছে। তবে মিরপুরের বিপণিবিতানগুলোতে গতকাল ছিল সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের কিরন প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় হরতালে ঢাকার বিভিন্ন এলাকার দোকানপাট খোলা ছিল। অনেকে অবশ্য একটু দেরিতে খুলেছেন।’ চট্টগ্রাম: হরতালে চট্টগ্রামে কলকারখানায় উৎপাদন কার্যক্রম ছিল স্বাভাবিক। বড় শিল্প গ্রুপ ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। কিন্তু ব্যবসায়িক কার্যক্রমে ছিল স্থবিরতা।দেশের বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ-আছদগঞ্জে অবস্থিত বড় শিল্প গ্রুপের কার্যালয়গুলো ছিল খোলা। ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়ও খোলা ছিল। ব্যবসায়ীরা ব্যাংকগুলোতে জরুরি কার্যক্রম সেরেছেন। তবে ব্যস্ততা ছিল কম। নগরে গুদাম থেকে পণ্য আনা-নেওয়া হয়নি।জানতে চাইলে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, হরতালের কারণে ব্যবসায়িক কার্যক্রম কিছুটা স্থবির ছিল। পণ্য বেচাকেনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের চলাচল কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে উৎপাদন কার্যক্রম থেকে শুরু করে ব্যবসাসংক্রান্ত দালিলিক কার্যক্রম স্বাভাবিক ছিল।ব্যবসায়ীরা জানান, চাক্তাই-খাতুনগঞ্জ-আছদগঞ্জে অবস্থিত বড় শিল্প গ্রুপ ও আমদানিকারক প্রতিষ্ঠান থেকে আমদানি ও উৎপাদিত পণ্য ক্রয় করেন ছোট-বড় পাইকারি ব্যবসায়ীরা।আবার এসব ব্যবসায়ীর কাছ থেকে নগর ও নগরের বাইরে দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা পণ্য কিনে নেন। হরতালের কারণে পণ্য সরবরাহের এই চ্যানেল বাধাগ্রস্ত হয়। এ কারণে ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা থাকে।