হরতালে পণ্য পরিবহন আওতামুক্ত রাখার দাবি
রপ্তানিমুখী পণ্য পরিবহনকে হরতালের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএসহ চার সংগঠন। পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছে। এতে বলা হয়, হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পণ্য জাহাজীকরণের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে নিতে পারছেন না উদ্যোক্তারা। আমদানি করা কাঁচামালও কারখানায় আনতে পারছেন না। সংগঠন দুটি আজ ও কাল বুধবারের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে। হরতাল-সমর্থকেরা গতকাল গাজীপুরের বাইপাইল থেকে মৌচাক পর্যন্ত প্রায় ৬০-৭০টি পোশাক কারখানায় হামলা চালায় ও শ্রমিকদের জোর করে রাস্তায় নামিয়ে আনে—এমন দাবি করে বিজিএমইএ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। রপ্তানিযোগ্য চিংড়ি পরিবহনকেও হরতালের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। সমিতির সভাপতি মো. আমিন উল্লাহ এক বিবৃতিতে বলেন, হরতালের কারণে চিংড়ি দ্রুত কারখানায় পৌঁছাতে না পারলে পচনশীল পণ্যটি ব্যবহার ও রপ্তানির অযোগ্য হয়ে পড়বে। এ ছাড়া হরতালের সময় অন্তত রাতের বেলায় পণ্য পরিবহন ‘হরতালের আওতামুক্ত’ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক রুস্তম আলী খান।