হরতালে বড় দরপতন বাজারে
ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা হরতালে বড় দরপতন ঘটেছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকেরও বড় পতন হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন দরপতন হলো বাজারে। সূচকের পাশাপাশি আজ লেনদেনও কমেছে দুই বাজারে। দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা দরপতনের অন্যতম কারণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা ভীত হয়ে শেয়ার বিক্রি (পেনিক সেল) করায় এই দরপতন ত্বরান্বিত হয়েছে। বাজারে শেয়ার বিক্রির চাপের পাশাপাশি ক্রয়ের চাপ না থাকায় বাজারে বড় দরপতন হয় বলেও মনে করছেন তাঁরা।এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো ডটকমকে বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী আজ পেনিক সেল করেছেন। ফলে আজ বিক্রির চাপ বেশি ছিল। বিশেষ করে, মধ্যম পর্যায়ের বিনিয়োগকারীদের মধ্যে এই প্রবণতা বেশি ছিল।তিনি আরও বলেন, বাজারে শেয়ার বিক্রির চাপ থাকলেও কেনার প্রবণতা কম থাকায় দরপতন ত্বরান্বিত হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট কমে ৪,০৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইএক্স সূচক কমার পাশাপাশি আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৯ পয়েন্ট কমেছে এবং ডিএস৩০ সূচক কমেছে ৩৮ পয়েন্ট।আজ ডিএসইতে মোট ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩১টির দাম কমেছে; বেড়েছে ১৮টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৬ কোটি টাকায়, যা গত বুধবারের চেয়ে ১৩৮ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, আরগন ডেনিমস, কেপিসিএল, সানলাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো, বিএসসিসিএল, এনভয় টেক্সটাইল ও সামিট পাওয়ার।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২,৭১৫ পয়েন্টে। আজ সিএসইতে মোট ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টির দাম কমেছে, বেড়েছে ১২টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম।