হরতালে বিজিএমইএ ও বিকেএমইএর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা টানা তিন দিনের হরতালে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে পোশাক মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। একই সঙ্গে তাঁরা জাতীয় অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে হরতাল কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। গতকাল শনিবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধের কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ। এতে বলা হয়, ঘন ঘন হরতাল কর্মসূচি মাঝারি ও ছোট পোশাক প্রতিষ্ঠানগুলোকে রুগ্ণ হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে পোশাকশিল্পের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত তিন মাসে ১০ দিনের হরতালে তৈরি পোশাকশিল্পে অপূরণীয় ক্ষতি হয়েছে। এ জন্য অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য জাহাজীকরণ করতে না পেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আশঙ্কার বিষয় হচ্ছে, সময়মতো পণ্য রপ্তানি করতে না পারলে ক্রয়াদেশ বাতিলের হুমকি দেওয়া শুরু করছেন বিদেশি ক্রেতারা, যা শিল্পের জন্য অশনিসংকেত।