হরতালে ব্যাংক ও ব্রোকারেজ হাউসে উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালে দেশের শেয়ারবাজার ও ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলছে। তবে বিভিন্ন ব্যাংকের শাখা ও ব্রোকারেজ হাউসগুলোতে গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম। মতিঝিলের শাপলা চত্বরসহ আশেপাশের এলাকায় যান চলাচলও তুলনামূলক কম লক্ষ করা গেছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বেশ কিছুক্ষণ চললেও বেলা একটায় এই প্রতিবেদন লেখার সময় সূচক ছিল নিম্নমুখী। প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের কারণে মতিঝিলের শাপলা চত্বর ও দিলকুশা ব্যাংক পাড়ায় যানবাহন চলাচল তুলনামূলক কম লক্ষ করা গেছে। আশে পাশের সড়কে কিছু বাস ও রিকশা চলাচল করতে দেখা গেছে। মতিঝিলের দিলকুশা ও আশপাশের সড়কের পাশে অবস্থিত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান দরজা বন্ধ থাকতে দেখা যায়। তবে বিকল্প দরজা দিয়ে কার্যক্রম সারছেন গ্রাহকেরা।এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তা নাজমুল হুসাইন জানান, সকাল থেকেই তাঁদের হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম। তবে অনেকে টেলিফোনের মাধ্যমে লেনদেন সারছেন।সিটি ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার সহকারী কাস্টমার কেয়ার ব্যবস্থাপক এনামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের শাখায় স্বাভাবিক কার্যক্রম চলছে। কর্মকর্তা, কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে এসেছেন। তবে গ্রাহক উপস্থিতি অনেক কম।অগ্রণী ব্যাংক লিমিটেডের বৈদেশিক বিনিময় শাখার (দৈনিক বাংলা শাখা) এক কর্মকর্তা জানান, তাঁদের শাখায়ও স্বাভাবিক কার্যক্রম চলছে। গ্রাহক উপস্থিতি কম বলেও জানান ওই কর্মকর্তা।এদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময় লেনদেন শুরু হয়। ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে ২১৭টি হাউস নির্ধারিত সময়ের আগেই ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন জানান সিএসইতেও নির্ধারিত সময় অর্থাৎ সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।এ দিকে বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৪২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।