হরতালে ব্যাংক ও ব্রোকারেজ হাউসে উপস্থিতি কম
১৮-দলীয় জোটের ডাকা হরতালের কারণে বিভিন্ন ব্রোকারেজ হাউসে ও সরকারি বেসরকারি ব্যাংকে বিনিয়োগকারী ও গ্রাহকদের উপস্থিতি তুলনামূলক কম লক্ষ করা গেছে। মতিঝিলের শাপলা চত্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল তুলনামূলক কম। সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে।প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের কারণে মতিঝিলের শাপলা চত্বর ও দিলকুশা ব্যাংকপাড়ায় যানবাহন চলাচল অনেক কম। আশপাশের সড়কে দু-একটি বাস চলাচল করছে। তবে রিকশাযোগে মানুষকে চলাচল করতে দেখা যায়। এ ছাড়া আশপাশের সড়কের পাশে অবস্থিত বিভিন্ন ব্যাংকের প্রধান দরজা বন্ধ থাকতে দেখা যায়; বেশির ভাগ দোকান বন্ধ। তবে বিকল্প দরজা দিয়ে ব্যাংকের কার্যক্রম সারছেন গ্রাহকেরা।এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তা মো. সোহেল জানান, সকাল থেকেই তাঁদের হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম। তবে অনেকে টেলিফোনের মাধ্যমে লেনদেন সারছেন বলেও জানান তিনি।ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা যোবাইর হোসেন জানান, তাঁদের শাখায় স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে গ্রাহকদের উপস্থিতি তুলনামূলক অনেক কম।এদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন রুটের ট্রেনগুলো ছেড়ে যায়। এই স্টেশনের ব্যবস্থাপক প্রণবেশ সরকার জানান, ঢাকা থেকে সব ট্রেন মোটামুটি সময়মতো ছেড়ে গেছে। তবে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলো পৌঁছাতে কুয়াশার কারণে কিছুটা দেরি হয়েছে। হরতালের কারণে যাত্রীর চাপ কম বলেও জানান তিনি।এদিকে হরতালের মধ্যে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪ পয়েন্ট কমে ৪০০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ১৮ পয়েন্ট কমেছিল। এর পর থেকে সূচক কমার হার কিছুটা কমে।এই সময় ডিএসইতে মোট ১১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টির দাম কমেছে; বেড়েছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসসিসিএল, সিটি ব্যাংক, ইউসিবিএল, সায়হাম কটন, আরএন স্পিনিং, এনবিএল প্রভৃতি।