হরতালে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন
ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের মধ্যেও আজ বুধবার দেশের ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়েছে। দিনের শুরু থেকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ডিএসইর সদস্য ব্রোকারদের মধ্যে প্রায় সবগুলো হাউস নির্ধারিত সময়ের আগেই ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করে। ফলে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়েছে বলে জানান সিএসইর জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন।
কয়েকটি ব্রোকারেজ হাউস সূত্রে জানা যায়, হরতালের কারণে আজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কিছুটা কম। তবে অনেকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন ও লেনদেনের কাজ করছেন।
শেয়ারবাজারের পাশাপাশি মতিঝিল এলাকার ব্যাংকগুলোতেও লেনদেন স্বাভাবিক রয়েছে।
মতিঝিলের দিলকুশা ব্যাংকপাড়া ও আশপাশের এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ওই এলাকার সড়কগুলোতে বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
মতিঝিল থানার পুলিশের পরিদর্শক (পিআই) শেখ আবুল বাশার জানান, সকাল থেকে মতিঝিল ও আশপাশের এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকে হরতালের কোনো প্রভাব নেই। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে এসেছেন। অন্য ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে বলেও জানান তিনি।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৬৬ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টিরই দাম বেড়েছে, কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ২৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, বিএসসিসিএল, বিইডিএল, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাকটিভ ফাইন, ইউনাইটেড এয়ার প্রভৃতি।