হরতালে মন্দা বাজার

জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৪০৯৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলতে থাকে। তবে কিছুক্ষণ পর থেকে ওঠানামা শুরু হয়। শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবাণতায় যায় সূচক।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১২৩টির দাম বেড়েছে। কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে আজ ৪৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬৭ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬৫২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬৩৭ পয়েন্টে। ডিএসইর মতো সিএসইতেও সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দাম বেড়েছে। কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইর লেনদেন আজ ৩৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল। আজ এই প্রতিষ্ঠানের ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, বিএসসিসিএল, বিএসসি, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ, মেঘনা পেট্রোলিয়াম, আরএন স্পিনিং, ম্যাকসন স্পিনিং প্রভৃতি।