হরতালে মিশ্র প্রবণতা শেয়ারবাজারে

জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে আজ বুধবার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২.৬১ পয়েন্ট কমে দাঁড়ায় ৪১১৬.১৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সারা দিনই এভাবে লেনদেন চলে। শেষ পর্যায়ে নিম্নমুখী হয় সূচক।
ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে আজ ৬৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬২৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৭১৭ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে। কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইর লেনদেন আজ ৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি বিএসসিসিএল। আজ এই প্রতিষ্ঠানের ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, সিএমসি কামাল, যমুনা অয়েল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, ম্যাকসন স্পিনিং, বিএসসি, অ্যাপেক্স ট্যানারি প্রভৃতি।