নিরাপত্তাহীনতার কারণেই মূলত দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা
হরতালে রাজধানীর ব্যবসা-বাণিজ্য স্থবির
আবার হরতাল। আবার ব্যবসা-বাণিজ্য স্থবির। ১৮-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার অনেক এলাকার দোকানপাট খোলেনি। অবশ্য কেউ কেউ শাটার অর্ধেক খোলা রেখে ব্যবসায়িক কার্যক্রম চালিয়েছেন।রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। নিরাপত্তাহীনতার কারণেই মূলত দোকানপাট খোলেননি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিন ঢাকার যাত্রাবাড়ী, কমলাপুর, স্বামীবাগ, নারিন্দা, লক্ষ্মীবাজার, বাহাদুরশাহ পার্কের আশপাশ, নর্থ সাউথ রোড, নবাবপুর, নিউমার্কেটের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। তবে গুলিস্তান ও বঙ্গবাজারের অল্প কিছু বিপণিবিতান খোলা ছিল। আবার হাতিরপুল, পান্থপথ ও কারওয়ান বাজার এলাকায় হাতে গোনা কিছু দোকান খোলা থাকলেও বেশির ভাগই বন্ধ দেখা গেছে। তবে বিকেলের দিকে ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেন। অবশ্য এসব এলাকার খাবারের দোকানগুলো সকাল থেকেই খোলা ছিল। পাইকারি চশমা বিক্রেতা মঞ্জুরুল হক সিকদার এলিফ্যান্ট রোডে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন। তিনি বলেন, হরতালে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সাহস করে দোকান খুলেও লাভ হয় না। কারণ গাড়ি চলাচল বন্ধ থাকায় ক্রেতারা ঢাকার বাইরে থেকে আসতে পারে না। শ্যামপুরে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পাখা উত্পাদনকারী একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন ভূঁইয়া দাবি করেন, হরতালের কারণে গত দুই মাসে তাঁদের বিক্রি প্রায় ৫০ শতাংশ কমেছে। তিনি আরও বলেন, ‘যাঁরা আমাদের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করেন, তাঁরাই তো দোকানপাট খুলতে পারছেন না। তাই আমাদের বিক্রি হবে কোথা থেকে?’ কারখানায় এখন নামে মাত্র পণ্য উত্পাদন হচ্ছে বলে জানান তিনি। এদিকে নিউমার্কেটের এক ব্যবসায়ী জানান, ‘টানা হরতালের কারণে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিনে এখানে দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু হরতাল থাকায় এই সিদ্ধান্তে কোনো লাভ হচ্ছে না।’বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের কিরণ প্রথম আলোকে বলেন, ‘সবার মধ্যেই একটু ভীতি কাজ করছে। আসলে পুলিশই যেখানে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, সেখানে আমরা কার কাছে নিরাপত্তা চাইব।’ কাদের কিরণ আরও বলেন, ‘এর ভার আমরা আর নিতে পারছি না। তাই আগামী সপ্তাহে বৈঠক করে আমরা কর্মসূচি দেওয়ার কথা ভাবছি।’এদিকে কিশোরগঞ্জ থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, কিশোরগঞ্জ চেম্বারের সিদ্ধান্ত অনুযায়ী গতকালের সকাল-সন্ধ্যা হরতালে শহরের অধিকাংশ দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। তবে ক্রেতা কম ছিল। গত রোববার কিশোরগঞ্জ চেম্বারের এক মতবিনিময় সভায় হরতালে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় জেলার ২০টি ব্যবসায়ী সংগঠন অংশ নিয়েছিল।