হরতালে শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রথম দিনে গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। নিয়ম অনুযায়ী, দুই স্টক এক্সচেঞ্জের অধিকাংশ সদস্য নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন যন্ত্রে লগইন করায় স্বাভাবিক লেনদেন চালাতে কোনো অসুবিধা হয়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন ৬৫০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে প্রধান সূচকটিও সামান্য কমেছে।
ডিএসইতে গতকাল ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টির দাম কমেছে, বেড়েছে ১১৪টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। দিনের শেষে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১১৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা বেশি। এর আগে সর্বশেষ ২৭ আগস্ট ডিএসইতে ৬৯০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টির দাম কমেছে, বেড়েছে ৮৭টির আর অপরিবর্তিত ছিল ১৮টির। দিনের শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক এদিন ১৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১২ হাজার ৭১১ পয়েন্ট।
হরতালেও জমজমাট কর মেলা
নিজস্ব প্রতিবেদক
হরতালের মধ্যেও রাজধানীর আয়কর মেলায় ব্যাপক সাড়া পড়েছে। যানবাহনের সংকট উপেক্ষা করেই সারা দিন কর মেলা প্রাঙ্গণে করদাতাদের বেশ ভিড় দেখা গেছে। কেউ অনলাইনে নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে এসেছেন। কেউ কেউ পুরোনো টিআইএনের বদলে ইটিআইএন নিতে এসেছেন। আবার অনেকেই বার্ষিক আয়কর বিবরণী ও আয়কর জমা দিয়েছেন।
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবের আয়কর মেলায় গতকাল বুধবার গিয়ে এমন চিত্র পাওয়া গেছে। আজ বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর মেলা চলবে।
হরতালের কারণে গতকাল সকালে করদাতাদের আগমন কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। দুপুরের পর মেলার বুথগুলোতে করদাতাদের বেশ ভিড় দেখা যায়।
তবে মেলার সেবা নিয়ে বেশ অভিযোগও করেছেন অনেক করদাতা। তাঁরা বলছেন, মেলায় ওয়ান স্টপ বা গুচ্ছসেবা দেওয়ার কথা। কিন্তু সেবা দিতে গিয়ে অনেক সময় লাগছে। গতকাল বিপুলসংখ্যক নারী করদাতা মেলায় এসেছেন। দীর্ঘ সময় অপেক্ষা করে তাঁরা করসেবা নিয়েছেন।
অবসরপ্রাপ্ত ব্যাংকার ফারুক আহমেদ দুপুর ১২টার দিকে মেলায় আসেন। উদ্দেশ্য ছিল ইটিআইএন নেওয়ার পাশাপাশি বিবরণী জমা দেওয়া। এ দুটি কাজ শেষ করতে বিকেল সাড়ে চারটা বেজেছে। তিনি প্রথম আলোকে বলেন, কর কর্মকর্তারা সেবা দিতে অনেক সময় নেন। এতে আগতদের ভোগান্তি বাড়ে। করসেবা দ্রুত দেওয়া সম্ভব হলে ভিড় আরও বাড়বে বলে তিনি মনে করেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার এসেছেন তাঁর ইটিআইএন নিতে। কিন্তু জাতীয় পরিচয়পত্রে নিজের নামের বানান ভুল থাকায় ইটিআইএন নিতে পারেননি তিনি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করে এ সমস্যার সমাধান পাননি তিনি। তাই ইটিআইএন ছাড়াই পুরোনো টিআইএনে রিটার্ন জমা দিয়েছেন।
জাতীয় পরিচয়পত্রের তথ্যে ভুল থাকায় মেলায় আসা অনেকেই ইটিআইএন নিতে পারছেন না। বিকল্প হিসেবে ইটিআইএন ছাড়াই পুরোনো টিআইএনে বার্ষিক আয়কর বিবরণী নেওয়ার ব্যবস্থা করেছে এনবিআর। তবে ইটিআইএন-সংক্রান্ত একটি ফরম পূরণ করতে হচ্ছে বিবরণী দাখিলকারীকে। পরে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তারা সেই ফরম দেখে ইটিআইএন করে করদাতাকে জানিয়ে দেবেন। এই প্রক্রিয়া সম্পন্ন করার আগে জাতীয় পরিচয়পত্রের ভুলগুলো সংশোধন করতে হবে।
এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মেলা নিয়ে করদাতাদের আগ্রহ অনেক বেড়েছে। তবে ইটিআইএন নিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। তাই আপাতত ইটিআইএন ছাড়াই রিটার্ন নেওয়া হচ্ছে।’
কর মেলার বুথগুলোতে প্রবীণ, নারী ও প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে তা দেখা যায়নি। এ নিয়ে মেলায় আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে বেশ অসন্তোষ দেখা গেছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে নারী, প্রবীণ ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক বুথ থাকবে।
ঢাকাসহ দেশব্যাপী আয়োজিত আয়কর মেলার তৃতীয় দিন পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬০ হাজার ২৩০ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন টিআইএন দেওয়া হয়েছে পাঁচ হাজার ৯২ জনকে। আর পুনর্নিবন্ধন নিয়েছেন ২৮০৭৪ জন করদাতা। মেলায় রিটার্ন জমা পড়েছে ৩৭ হাজার ৮৬৮টি। কর আদায় হয়েছে ৩৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৩২৭ টাকা।