হরতালে শেয়ারবাজারের মিশ্র অবস্থা
হরতালের মধ্যে আজ রোববার মিশ্র অবস্থার মধ্যে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য কমেছে। একই সঙ্গে দুই বাজারেই লেনদেন কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে ৪১৬৩.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক ২৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার হার কমলেও দিন শেষে দুই পয়েন্ট বাড়ে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৫টিরই দাম কমেছে। বেড়েছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৮ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, পূবালী ব্যাংক, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, আরএন স্পিনিং, সামিট পাওয়ার, এনবিএল ও বেক্সিমকো ফার্মা।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭২৫.৫১ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টির দাম বেড়েছে। কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ১৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।