হরতালে শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ার রেকর্ড হয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকই গতকাল রোববার অতীতের সব মাইলফলক অতিক্রম করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২০ পয়েন্ট বেড়ে আট হাজার ৩০৭ পয়েন্ট অতিক্রম করেছে। ডিএসইর ইতিহাসে সাধারণ মূল্যসূচক এই পর্যায়ে ওঠার ঘটনা আগে কখনো ঘটেনি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচকও প্রায় ৩০৮ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৫১৮ পয়েন্ট হয়েছে। এই স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এটিই সর্বোচ্চ সূচক।তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে।বাজার বিশেষজ্ঞরা বলছেন, হরতাল নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে ধরনের আতঙ্ক ছিল, শেষ পর্যন্ত সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। সে কারণে তাঁরা নির্বিঘ্নে লেনদেনে অংশ নিতে পেরেছেন। তা ছাড়া এখন অনেকে ঘরে বসে অনলাইনে বা টেলিফোনে লেনদেন করে থাকেন। তাই হরতাল তাঁদের ওপর খুব একটা প্রভাব ফেলেনি।যোগাযোগ করা হলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, হরতালে লেনদেন বন্ধ বা চালু রাখার কোনো সিদ্ধান্ত আগে থেকে নেওয়া হয় না। যদি নির্দিষ্ট সময়ের আগে লেনদেন চালুর জন্য প্রয়োজনীয় কোরাম পূরণ হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই লেনদেন শুরু হয়ে যায়।ডিএসইতে লেনদেন চালু হওয়ার জন্য কোরাম পূর্ণ হতে ৭০টির মতো ব্রোকারেজ হাউসের ট্রেডিং সিস্টেম খোলা থাকা (লগ অন) প্রয়োজন। কিন্তু গতকাল সকাল ১০টা ৪০ মিনিটের মধ্যেই ১৬৪টি ব্রোকারেজ হাউস লগ অন করে। তাই স্বাভাবিকভাবেই লেনদেন শুরু হয়েছে।ডিএসই সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ের আগে লগ অন করার তালিকায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ভাই ও সাবেক সাংসদ সাঈদ এস্কান্দারের সিকিউরিটিজ হাউসও রয়েছে। তাঁর সিকিউরিটিজ হাউসের নাম কনমার্ক লিমিটেড।খালেদা জিয়া সেনানিবাসের মইনুল রোডের বাড়ি ছেড়ে তাঁর আরেক ছোট ভাই শামীম এস্কান্দারের বাড়িতে উঠেছেন। তাঁকে মইনুল রোডের বাড়ি থেকে জবরদস্তিমূলক উচ্ছেদ করা হয়েছে—এ অভিযোগেই বিএনপি দেশব্যাপী হরতাল আহ্বান করে।বাজারসংশ্লিষ্ট অনেকে বলেছেন, সাঈদ এস্কান্দারের ব্রোকারেজ হাউস চালু থাকার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে খালেদা জিয়ার পরিবারের সদস্যরাই হরতাল মানেননি।এ ছাড়া বিএনপির সাবেক সাংসদ এম এ মান্নান, এম আকবর আলী, কেন্দ্রীয় নেতা আহমেদ ইকবাল হাসানের ব্রোকারেজ হাউসেও যথারীতি লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, দেশের শেয়ারবাজার গত দু-তিন বছরে সব ধরনের রাজনৈতিক মতোবিরোধের ঊর্ধ্বে উঠে গেছে। সহজে ধনী হওয়ার এই ক্ষেত্রটির ব্যাপারে সব রাজনৈতিক দলের সমর্থকদেরই কোথায় যেন একটা ঐক্য রয়েছে।বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল দিনের শুরু থেকেই সূচক বাড়তে শুরু করে। দিনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। তবে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতি তুলনামূলক কম। অনুপস্থিত বিনিয়োগকারীদের বড় অংশই টেলিফোনে তাঁদের লেনদেন সম্পন্ন করেছেন। উভয় স্টক এক্সচেঞ্জেই গতকাল ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর মতো তুলনামূলক ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন বেড়েছে। এর মধ্যে এককভাবে ৯৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে, যা ডিএসইর মোট লেনদেনের ৪৪ শতাংশ।ডিএসইতে গতকাল মোট ২৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল তিনটির। লেনদেন হওয়া শেয়ারের মোট মূল্য দুই হাজার ২০৩ কোটি টাকা, যা আগের দিনের লেনদেনের চেয়ে ৫০ কোটি টাকা কম।সিএসইতে লেনদেন হয়েছে ১৮৯টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে মোট ২০১ কোটি টাকার লেনদেন হয়েছে।