হরতালে শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন
জামায়াতের ডাকা হরতালেও গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বাভাবিক লেনদেন হয়েছে। আগের দিনের মতো এদিনও ডিএসইতে সূচক কিছুটা কমেছে। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের ১৪টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৯২ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। আর লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভ্রমণ ও অবকাশ খাত। এ খাতের দুই কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশ। ভ্রমণ ও অবকাশ খাতটি লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসার পেছনে প্রধান ভূমিকা ছিল ইউনাইটেড এয়ারের। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। একক কোম্পানি হিসেবে ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশজুড়ে ছিল এটি। বেশ কিছুদিন ধরে কোম্পানিটি লেনদেনে শীর্ষে রয়েছে। ডিএসইর সূচক বৃদ্ধিতে যে পাঁচটি কোম্পানি বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে চারটিই সামিট গ্রুপের প্রতিষ্ঠান। এগুলো হলো: সামিট পাওয়ার, খুলনা পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতনের দিনে সামিট গ্রুপের চারটি কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে। ঢাকার বাজারে গতকাল ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৫টি কোম্পানিরই শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত ছিল ৩০টির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৫৭ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ২৬৫ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫০০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টি কোম্পানিরই শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ৯টির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি।