হরতালে সচল হিলি অচল বুড়িমারী স্থলবন্দর
বিএনপির ডাকা লাগাতার দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালে দিনাজপুরের হিলি স্থলবন্দর সচল ছিল। তবে অনেকটাই অচলছিল লালমনিরহাটের বুড়িমারীস্থলবন্দর।হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, হিলি স্থলবন্দরে গত দুই দিনে হরতালের কোনো প্রভাব পড়েনি। হরতালের দ্বিতীয় দিনে গতকালও এই বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল।হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট সূত্রে জানা গেছে, হরতালের কারণে পণ্য ওঠানো-নামানোর কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। তবে হিলি চেকপোস্ট দিয়ে অন্যান্য দিনের তুলনায় পাসপোর্টধারী যাত্রী পারাপার কম ছিল। বন্দরের সহকারী কমিশনার মো. পায়েল পাশা জানান, হরতালের মধ্যেও বন্দরের কাজকর্ম ছিল স্বাভাবিক।এদিকে পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি জানান, বিএনপির ডাকা গত দুই দিনের হরতালের কারণে বুড়িমারী স্থলবন্দরে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। তারা দুই দিনই বাংলাদেশ-ভারত যাতায়াত করতে পারেননি।আর ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে কিছু ট্রাক বন্দরে প্রবেশ করলেও রপ্তানি পণ্যবাহী কোনো ট্রাক ভারতে যায়নি। এ ছাড়া মালামাল পরিবহনের জন্য দূরপাল্লার কোনো ট্রাক ও বাস চলাচল না করায় ব্যবসায়ীরা তাঁদের আমদানি করা মালামাল গন্তব্যে নিয়ে যেতে পারেননি।ব্যবসায়ী ছায়েদুজ্জামান জানান, বন্দরে আমদানি করা পণ্য খালাস করা হলেও হরতালের কারণে বন্দর থেকে সেই পণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো যায়নি বলে লোকসান গুনতে হচ্ছে।বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার (এসি) এস এম আরেফিন জাহেদী বলেন, হরতালের মধ্যে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক এসেছে। তবে রপ্তানি পণ্য নিয়ে কোনো ট্রাক ভারতে যায়নি।বুড়িমারী স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা তানভির জানান, গত দুই দিনে পাসপোর্টধারী যাত্রীদের আসা-যাওয়া আগের তুলনায় অনেক কম হয়েছে।