হরতালে সিরাজগঞ্জের তাঁতশিল্পে ব্যাপক ক্ষতি
বিএনপির নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের দেওয়া সাম্প্রতিক হরতালের কারণে সিরাজগঞ্জের তাঁতশিল্পে বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে বলে এ খাতের মালিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। তাঁতমালিক ও ব্যবসায়ীরা জানান, টানা হরতালে শাহজাদপুরসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সুতা প্রক্রিয়াকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড় বুনন বা তাঁতবস্ত্র উৎপাদন ও বিপণন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।তাঁতশিল্পের জন্য প্রসিদ্ধ সিরাজগঞ্জ জেলার প্রধান মোকাম শাহজাদপুরে প্রতি রবি ও বুধবারে বসা কাপড়ের হাটে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, ফরিদপুর, সিলেট, বগুড়া, বরিশাল, দিনাজপুর, রাজশাহী ও ময়মনসিংহসহ দেশের প্রায় সব জেলার হাজার হাজার পাইকার ও বেপারি এলেও হরতালের সময় কোনো ক্রেতাই আসেননি। তাই কোনো কাপড়ই বিক্রি হয়নি।বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি হায়দার আলী বলেন, ‘তাঁতিদের মতো মেহনতি ও শ্রমজীবীরা হরতালের অভিশাপ থেকে মুক্তি চান।’ শাহজাদপুর উপজেলা তাঁতশ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ জানান, টানা পাঁচ দিনের হরতালে সিরাজগঞ্জের তাঁতবস্ত্র বেচাকেনায় ধস নেমেছে। এতে তাঁতিরা শ্রমিকের বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন।