১৮ দলের ডাকা হরতালের মধ্যে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক তিন পয়েন্ট কমলেও শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টির দাম বেড়েছে; কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউসিবিএল, এনবিএল, যমুনা অয়েল, ওয়ান ব্যাংক, বিএসসিসিএল ও প্রিমিয়াম ব্যাংক।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৩০ পয়েন্টে। সিএসইতে আজ ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টির দাম বেড়েছে; কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।