হরতালে স্বাভাবিক লেনদেন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালেও গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে স্টক এক্সচেঞ্জের এক-তৃতীয়াংশ সদস্য ‘লেনদেন যন্ত্রে (ট্রেড সার্ভার)’ প্রবেশ করলেই (লগ ইন) হরতালেও স্বাভাবিক লেনদেন পরিচালিত হয়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গতকাল লেনদেন শুরুর ৪৫ মিনিট আগেই ৯২ জন সদস্য বা ব্রোকারেজ হাউস ট্রেড সার্ভারে লগ ইন করে। ফলে এদিন লেনদেন সচল রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিএসইকে কোনো ধরনের অসুবিধায় পড়তে হয়নি। হরতালের মধ্যে গতকাল শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হলেও ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতি ছিল নগণ্য। বেশির ভাগ বিনিয়োগকারী মুঠোফোনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের সহায়তায় কেনাবেচায় অংশ নেন। তবে কেনাবেচায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল অন্যান্য দিনের চেয়ে কম। এ কারণে গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার নিচে। লেনদেনের পাশাপাশি আগের দুই দিনের ধারাবাহিকতায় দুই বাজারেই মূল্যসূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ১৯ পয়েন্ট কমে আবারও পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। এর আগে সর্বশেষ গত ৯ মে ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে ছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা নির্দেশনার বিরুদ্ধে আদালতে দায়ের করা রিট আবেদনকে ঘিরেই বাজারে এখন এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। আদালতের ফলাফলের দিকেই এখন চেয়ে আছেন বিনিয়োগকারীরা। এ কারণে অনেক বিনিয়োগকারী লেনদেন থেকে দূরে রয়েছেন।এসইসির নির্দেশনার বিরুদ্ধে আদালতে দায়ের করা সবকটি রিটের শুনানি গত বুধবার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবারও শুনানির জন্য আদালতে দিন ধার্য ছিল। কিন্তু হরতালের কারণে গতকাল নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরবর্তী কার্যদিবসে রিটের মুলতবি শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।