হরতালেও চাঙা পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ বুধবার কোনো প্রভাব পড়েনি দেশের পুঁজিবাজারে। গতকালের ধারাবাহিকতায় আজও পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত ছিল। দুই স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন বেড়েছে।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, আজ বেলা ১১টায় ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৩টি হাউস ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৮.০৭ পয়েন্ট বেড়ে ৬,২৪৩.৩৩ পয়েন্ট দাঁড়ায়। ডিএসইতে আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।আজ হাতবদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৫টি প্রতিষ্ঠানের দাম। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার ১৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮৩ কোটি টাকা বেশি।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ওষুধ ও বস্ত্র খাতে চাঙাভাব দেখা গেছে। অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে সবকটির দাম বেড়েছে। এ ছাড়া ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২৭টির, জ্বালানি খাতের ১৩টির মধ্যে নয়টির, মিউচুয়াল ফান্ড খাতের ৩৫টির মধ্যে ৩০টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৯টির ও বস্ত্র খাতের ২৫টির মধ্যে ১৮টির দাম বাড়ে।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, উত্তরা ব্যাংক, ওয়ান ব্যাংক, এমআই সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, এনবিএল, ইউসিবিএল, সিটি ব্যাংক, এবি ব্যাংক ও ইউনাইটেড এয়ারওয়েজ।অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০৫.৯০ পয়েন্ট বেড়ে ১৭৪৬৬.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৯টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ১১৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০ কোটি টাকা বেশি।