হরতালেও চাঙা শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের মধ্যেও গতকাল সোমবার চাঙা ছিল দেশের শেয়ারবাজার। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি, শিক্ষানীতি ও হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে ইসলামী একটি দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি শেয়ারবাজারের লেনদেনে। বরং দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে।হরতালের মধ্যেও সদস্যদের কোরাম পূর্ণ হওয়ায় নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা ১১টায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারকে স্থিতিশীল রাখতে ‘বাংলাদেশ ফান্ড’ গঠনের অগ্রগতি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার করেছে। মূলত এর প্রভাবে গত পাঁচ দিনে শেয়ারবাজারের সূচক ও লেনদেন বাড়তে দেখা গেছে।আবার শেয়ারবাজারের কারসাজি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়াকে কেন্দ্র করে বাজার কিছুটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে বিভিন্ন মহল থেকে গুজব ছড়ানো হয়েছিল। বলা হয়েছিল, বাজারের কারসাজির সঙ্গে জড়িত বেশ কিছু বড় বিনিয়োগকারীর নাম থাকছে প্রতিবেদনে। তাই এ সময় তাঁরা বাজারে খুব একটা সক্রিয় থাকবেন না, যা বাজারকে কিছুটা হলেও অস্থিতিশীল করবে।তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত প্রতিবেদনে ঠিক কী কী থাকছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তদন্তে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারসাজির জন্য চিহ্নিত করা যায়নি—এমন খবর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের খবরও বাজারে কিছুটা স্বস্তি এনেছে বলে অনেকে মনে করছেন।বাজার পরিস্থিতি: চাঙাভাবের মধ্য দিয়েই গতকাল দিনের লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে দেখা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়ায়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১০০ পয়েন্ট ছাড়িয়েছে। সিএসইতে গতকাল ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের। লেনদেন হওয়া শেয়ারের আর্থিক মূল্য ১০১ কোটি টাকা।ডিএসইতে হাত বদল হয়েছে ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট এক হাজার ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা রোববারের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস, আফতাব অটোমোবাইল, বেক্সিমকো, বেক্সটেক্স, বিএসআরএম স্টিল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, যমুনা অয়েল, এনবিএল, গোল্ডেন সন ও কনফিডেন্স সিমেন্ট।আর দাম বাড়ার তালিকায় ছিল আরএকে সিরামিক, হাক্কানী পাল্প, এসিআই, আইপিডিসি, এসিআই ফরমুলেশন, মালেক স্পিনিং, ফিডেলিটি অ্যাসেট অ্যান্ড সিকিউরিটিজ, প্রিমিয়ার লিজিং, নাভানা সিএনজি ও বিআইএফসি।কমার তালিকায় ছিল পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড, সমতা লেদার, সাভার রিফ্রেক্টরিজ, উসমানিয়া গ্লাস, শ্যামপুর সুগার, ন্যাশনাল টিউবস, সোনারগাঁ টেক্সটাইল, ফার্মা এইড, বঙ্গজ ও জুট স্পিনার্স।