হরতালেও চাঙা শেয়ারবাজার
বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল বুধবার তেমন কোনো প্রভাব পড়েনি দেশের শেয়ারবাজারে। আগের দিনের ধারাবাহিকতায় এ দিনও শেয়ারবাজারে চাঙাভাব অব্যাহত ছিল। দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানিয়েছে, বেলা ১১টায় ডিএসইর ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৩টি হাউস ট্রেড সার্ভারে লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয়। এ ক্ষেত্রে হরতাল কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। শেষ পর্যন্ত স্টক এক্সচেঞ্জটির সাধারণ মূল্যসূচক ৭৮ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২৪৩ পয়েন্ট দাঁড়ায়।ডিএসইতে হাতবদল হয়েছে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে বেড়েছে ২০৫টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল এক হাজার ১৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮৩ কোটি টাকা বেশি।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার।