হরতালেও পণ্য খালাসে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে বন্দরে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হয় না। শুধু বন্দর চত্বর থেকে পণ্য খালাসে থাকে ধীরগতি। তবে এই রীতি ভাঙতে যাচ্ছেন আমদানিকারকেরা। গতকাল বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালে বন্দর থেকে পণ্য খালাসের রেকর্ড ভাঙতে যাচ্ছে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম মনে করেন, রবি ও সোমবার টানা দুই দিনের হরতাল। এর আগে শুক্র ও শনিবারের মধ্যে কারখানা বা গুদামে পণ্য ও কাঁচামাল নেওয়ার চাপ আছে। তাই হরতাল থাকলেও শুক্র–শনিবার সামনে রেখে ব্যবসায়ীরা বাধ্য হয়ে কারখানায় পণ্য নিতে প্রক্রিয়া শুরু করেছেন।
বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত হরতালের দিনে দুই হাজার ৭০০ একক কনটেইনার খালাসের জন্য নথিপত্র জমা দিয়েছেন আমদানিকারকের প্রতিনিধিরা। এসব কনটেইনার থেকে পণ্য খালাস করে ট্রাক বা কাভার্ড ভ্যানে বা সরাসরি পণ্যসহ কনটেইনার বন্দর থেকে কারখানা ও গুদামে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর বাইরে বেসরকারি ডিপোগুলোতে রাখার জন্য বন্দর চত্বর থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নেওয়া হচ্ছে।
বন্দরের হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিন দুই হাজার ১০০ একক কনটেইনার খালাস হয়। তবে এত দিন ২৪ ঘণ্টা হরতালের সময় ৩০০ থেকে ৬০০ একক কনটেইনার খালাস হতো।
আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। জানতে চাইলে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম প্রথম আলোকে বলেন, হরতাল সত্ত্বেও বন্দর চত্বর থেকে কনটেইনার খালাসের হার ছিল বেশি। বন্দর এলাকায় ট্রাক-কাভার্ড ভ্যানের জট লেগে ছিল।