হরতালেও সূচকের বড় উল্লম্ফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ রোববার সূচকের বড় উল্লম্ফন লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে।
এ দিকে হরতাল চললেও নির্ধারিত সময়ে অর্থাত্ সকাল সাড়ে ১০টায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। হরতালের কারণে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে অনেকে মুঠোফোনের মাধ্যমে বাজারের খোঁজখবর নেন এবং লেনদেন সারেন বলে একাধিক হাউস সূত্রে জানা যায়।
প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ২৫০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২০ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ২৩০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। আজ সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। আগের দিন এই বাজারে ১৮ কোটি টাকার লেনদেন হয়।
এদিকে ডিএসইতে লেনদেন বাড়ার পাশাপাশি সূচকের বড় ধরনের উত্থান লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক প্রায় তিন শতাংশ অর্থাত্ ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯০৯ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ২৪৭টিরই দাম বেড়েছে, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১১৬ পয়েন্টে।

আজ সিএসইতে হাতবদল হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টিরই দাম বেড়েছে, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এনভয় টেক্সটাইল, আরগন ডেনিমস, ইউসিবিএল, গ্রামীণফোন, মালেক স্পিনিং, অ্যাকটিভ ফাইন, গোল্ডেন সন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, এনবিএল প্রভৃতি।