হরতালের আগে পণ্য খালাসের চাপ বন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগের দিন বন্দর চত্বর থেকে কনটেইনার খালাসের হিড়িক পড়েছে। ছুটির দিন ও হরতালসহ টানা পাঁচ দিন পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত হিসাব অনুযায়ী, বন্দর চত্বরে প্রায় দুই হাজার কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে) খালাসের প্রক্রিয়া চলছে। এসব কনটেইনার দ্রুত খালাস করে হরতাল শুরু হওয়ার আগেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ব্যাপক চাপ দেখা গেছে। এর বাইরে চট্টগ্রামে অবস্থিত বেসরকারি কনটেইনার ডিপোগুলোতেও কনটেইনার আনা-নেওয়ার কার্যক্রমে হিড়িক দেখা গেছে।
জানতে চাইলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক লিয়াকত আলী বলেন, হরতালের আগে গন্তব্যস্থলে পণ্য পৌঁছাতে দ্রুত কনটেইনার খালাস করা হচ্ছে।
জানা গেছে, হরতালেও চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস খোলা থাকে। হরতালের সময় বন্দরে কনটেইনার ওঠানো-নামানো হলেও ঝুঁকির কারণে আমদানিকারকেরা বন্দর চত্বর থেকে কনটেইনার খালাস করেন না। তবে আজ বৃহস্পতিবার দালিলিক কার্যক্রম শেষ করে ছুটির দিন আগামী শুক্র ও শনিবার কনটেইনার খালাসের চাপ অব্যাহত থাকবে।
জানা গেছে, বন্দরে কনটেইনার রাখার ধারণক্ষমতা এখন ৩৬ হাজার ৩৫৭ টিইইউএস। গতকাল পর্যন্ত বন্দরের ধারণক্ষমতার চেয়ে কম (প্রায় ২৪ হাজার একক) কনটেইনার পড়েছিল বন্দর চত্বরে।