হরতালের দ্বিতীয় দিনেও ইতিবাচক সূচক
১৮-দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাশাপাশি লেনদেন কমেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে সূচক সামান্য বেড়েছে দুই বাজারে।
এদিকে আজ হরতালের কারণে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে বিভিন্ন হাউস সূত্রে জানা যায়। কাজী ইকুইটিজ লিমিটেডের কর্মকর্তা নাজমুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, হরতালের কারণে আজ তাঁদের হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে অনেকে মুঠোফোনে বাজারের খোঁজখবর নেন এবং লেনদেন সারেন বলেন জানান তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,০৯০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৬৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। তবে শেষ পর্যন্ত সূচক সামান্য বাড়ে।
ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৭টির দাম বেড়েছে। কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৪ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৪১২ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬২৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৮৯টিরই দাম বেড়েছে, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৫ কোটি টাকা লেনদেন হয়।
এ দিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ব্যাংকিং খাতের কোম্পানি ইউসিবিএল। আজ এই প্রতিষ্ঠানের ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, আইএফআইসি ব্যাংক, পদ্মা অয়েল, সিটি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরগন ডেনিমস, স্কয়ার ফার্মা প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।