হরতালের দ্বিতীয় দিনেও ঊর্ধ্বমুখী সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,১৩৩ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়; যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৮টির দাম বেড়েছে; কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ কোটি টাকা।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউসিবিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, এনভয় টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন, সিটি ব্যাংক, পদ্মা অয়েল, অলিম্পক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো আরগন ডেনিমস প্রভৃতি।