হরতালের দ্বিতীয় দিনেও শেয়ারবাজার ঊর্ধ্বমুখী
হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবারও দেশের শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি বজায় ছিল। সেই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনেরও বেশ উন্নতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়েছে। একই দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ১১২ পয়েন্ট।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি সূচকের ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখেছে। গত রোববারও ব্যাংকিং খাত ও গ্রামীণফোনের শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে সূচকের বড় ধরনের উত্থান ঘটেছিল। কিন্তু গতকাল দিন শেষে গ্রামীণফোনের শেয়ারের দাম বেড়েছে মাত্র এক টাকা ১০ পয়সা। সে কারণে এ দিন সূচকে কোম্পানিটির বড় ধরনের কোনো প্রভাব ছিল না।
এদিকে লেনদেনের শুরুতে গতকালও ডিএসইর সূচকে বড় ধরনের উত্থান ঘটে। ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০৪ পয়েন্ট বেড়ে আবারও চার হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে যায়। কিন্তু সেটি ধরে রাখা সম্ভব হয়নি।
ঢাকার বাজারে সোমবার ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩২টির দাম বেড়েছে, কমেছেও ১৩২টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৬৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১৯ কোটি টাকা বেশি। দিন শেষে ডিএসইর সূচক বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৫১ পয়েন্টে।
চট্টগ্রামের বাজারে এদিন ২১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০১টিরই দাম কমেছে, বেড়েছে ৯৮টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক সূচক বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২২৮ পয়েন্টে।