হরতালের পর পণ্য খালাসের হার দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার হরতাল শেষ হওয়ার পর মাত্র ১৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দর থেকে প্রায় চার হাজার কনটেইনার পণ্যের খালাস নিয়েছেন ব্যবসায়ীরা।
বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, হরতালের সময়ে পণ্য খালাসের হার খুবই কম ছিল। কিন্তু হরতালের পর স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ পণ্য খালাস হচ্ছে।
বন্দরের হিসাবে দেখা যায়, হরতাল শেষ হওয়ার পর গতকাল সকাল আটটা পর্যন্ত ১৪ ঘণ্টায় আমদানিকারকেরা প্রায় সাড়ে তিন হাজার কনটেইনারের পণ্য খালাস নেন। এ ছাড়া গতকাল বিকেল পর্যন্ত আরও দুই হাজার ৭৪৭ কনটেইনার পণ্য খালাসের ছাড়পত্র নিয়েছেন আমদানিকারকেরা।
অবশ্য আগামী রোববার চট্টগ্রামে হরতাল থাকায় গতকাল বৃহস্পতিবার দিনভর ব্যবসায়ীরা পণ্য খালাসে ভীষণ তৎপর ছিলেন। এদিকে দ্বিগুণ হারে পণ্য খালাস হলেও চট্টগ্রাম বন্দরে এখনো বিপুলসংখ্যক কনটেইনার রয়েছে। গতকালও বন্দরে পণ্যভর্তি ২৭ হাজার ৮০০ কনটেইনার পড়ে ছিল।