হরতালের প্রথম দিনে আবারও সূচকের বড় উত্থান বাজারে
ব্যাংকের শেয়ারের দর বাড়ার ওপর ভর করে গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান ঘটেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় সোয়া ২ শতাংশ বা ৯২ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় আড়াই শতাংশ বা ৩০০ পয়েন্ট বেড়েছে।
একই সঙ্গে দুই বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা দ্বিতীয় দফা ৬০ ঘণ্টার টানা হরতালের প্রথম দিনে সূচকের এমন উত্থান ঘটেছে। এর আগে গত ২৭ অক্টোবর ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনেও দুই বাজারে সূচকের বড় ধরনের উত্থান ঘটেছিল; যদিও পরে তা স্থায়ী হয়নি। এবারের হরতালেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি না, এ নিয়ে বিনিয়োগকারীদের অনেকের মধ্যে সংশয় রয়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত হরতালের দিনগুলোতে সূচক ঊর্ধ্বমুখী থাকে। এর প্রধান কারণ হলো, এ সময়ে বাজারে যাতে বড় ধরনের কোনো দরপতনের ঘটনা না ঘটে, সে জন্য সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো বেশ সক্রিয় থাকে।
পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা বলেন, ‘সাধারণত হরতালের সময়টাতে বাজারে যেন বড় ধরনের নেতিবাচক কিছু না ঘটে, সে জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো বেশ সক্রিয় থাকে। হরতালের সময় সূচকের বড় ধরনের উত্থানের পেছনে এটি অন্যতম একটি কারণ। পাশাপাশি বিনিয়োগকারীদের দিক থেকে হয়তো বিরোধী দলের এসব কর্মসূচিকে খুব বেশি আমলে নেওয়া হচ্ছে না বলেই তাঁদের অংশগ্রহণ বেড়েছে। তাই বাজারের এমন উত্থানটি স্বাভাবিক ধারা কি না, তা বুঝতে হলে আরও কয়েক দিন বাজার পর্যবেক্ষণ করতে হবে।’
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ব্যাংকের শেয়ারের দর বাড়ার কারণেই মূলত সূচকের বড় উত্থান ঘটেছে। কারণ, সূচকের উত্থান ধরে রাখতে হলে ব্যাংকের শেয়ারের দর বাড়ার বিকল্প নেই। এ ছাড়া এই খাতের শেয়ারের দাম দীর্ঘদিন ধরে মন্দা অবস্থায় রয়েছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে প্রতিটির শেয়ারের দাম বেড়েছে। এদিন ডিএসইতে ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪১২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা বেশি। দিন শেষে সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮৫ পয়েন্টে।
সিএসইতে এদিন ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে সিএসইর সার্বিক সূচক বেড়ে হয়েছে ১২ হাজার ৬০৫ পয়েন্ট। এদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি।