হরতালের প্রভাবে খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

দেশে সার্বিক মূল্যস্ফীতির হার আরেক দফা নিম্নমুখী হয়েছে। তবে হরতালের নেতিবাচক প্রভাব পড়ায় খাদ্যের মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল গতকাল রোববার সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য প্রকাশ করেন। রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বিবিএস জানিয়েছে, সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়ায় ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। তবে সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এর অন্যতম কারণ হলো হরতাল। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। আগের মাস তা ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি বাড়ার কারণ ব্যাখ্যা করে বিবিএস মহাপরিচালক বলেন, ‘টানা হরতালে খাদ্যমূল্য বেড়েছে। হরতালে পরিবহন চলে না।তাই খাদ্যসহ অন্যান্য পণ্য পরিবহনে সমস্যা হয়, ভাড়াও বেড়ে যায়।’ তিনি বলেন, সাভার থেকে যে পণ্য ঢাকায় আনতে দুই হাজার টাকা খরচ হওয়ার কথা, হরতালে তা হয়ে যায় চার হাজার টাকা।
গোলাম মোস্তফা আরও জানান, অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমেছে। সেপ্টেম্বরের ৫ দশমিক ৯৪ শতাংশ থেকে কমে হয়েছে ৫ দশমিক শূন্য ২ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে পণ্য ও সেবার মূল্য কিছুটা কমে আসায় সার্বিক মূল্যস্ফীতি কমে এসেছে বলে মনে করেন তিনি। বিবিএসের মহাপরিচালক বলেন, ‘নিরাপত্তা-ঝুঁকির কারণে অনেক ব্যবসায়ী হরতালের মধ্যে ব্যবসা-বাণিজ্য চালাতে সাহস পান না। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে খাদ্য মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে চাল, শাকসবজি, মসলা, দুধ ও তামাকজাতীয় দ্রব্যের দাম বেড়েছে।
বিবিএস জানায়, অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। তবে অক্টোবরে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৯ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৮৪ শতাংশ হয়েছে।
অক্টোবরে শহরাঞ্চলে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮২ শতাংশ। শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৯ দশমিক ১১ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৯ দশমিক ৬৪ শতাংশ হয়েছে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৬ দশমিক ৪৪ শতাংশ থেকে কমে ৫ দশমিক ২৮ শতাংশ হয়েছে।