হরতালের শেষ দিনে সূচক ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন আজ বুধবার দিনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,১০৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এদিকে মতিঝিলে বিভিন্ন ব্রোকারেজ হাউসে আজ বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ করা গেছে। বিনিয়োগকারীরা বলছেন, আজ হরতাল ঢিলেঢালা হওয়ায় তাঁরা বিনিয়োগের খোঁজখবর নিতে হাউসে এসেছেন। অনেকে কেনাবেচাও করছেন।

দেড় ঘণ্টা শেষে ডিএসইতে ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪ কোটি টাকা।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, ইউসিবিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।