হরতালের শেষ দিনেও স্বাভাবিক লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা ৩০ ঘণ্টা হরতালের দ্বিতীয় ও শেষ দিন গতকাল সোমবারও দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন হয়েছে দেড় হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে টানা কয়েক দিন দাম বাড়ার পর গতকাল সোমবার ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে বেশ খানিকটা মূল্য সংশোধন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে গতকাল ২৩টি কোম্পানির শেয়ারের দামই কমেছে। বেড়েছে মাত্র চারটির ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। প্রায় একই ধরনের চিত্র ছিল অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। এ খাতের ২১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র পাঁচটির এবং অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ার। অন্যদিকে প্রধান খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতের ৯৬ শতাংশ কোম্পানি, বিদ্যুৎ-জ্বালানিতে ৯২, বস্ত্র খাতে ৮৮, সিমেন্ট খাতে ৮৩ ও বিমা খাতে ৭৯ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, টানা মূল্যবৃদ্ধির কারণে অনেক বিনিয়োগকারী গতকাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে মুনাফা তুলে অন্য খাতে বিনিয়োগ করেছেন। এ কারণে এ খাত দুটির শেয়ারের বিক্রি চাপ বাড়লেও অন্য খাতগুলোর শেয়ারের চাহিদা সৃষ্টি হয়েছে। এটি বাজারের পরিণত আচরণ বলে তাঁরা মনে করছেন। ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক ২০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪৫৮ পয়েন্ট অতিক্রম করেছে। ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৫৮১ কোটি টাকা মূল্যের শেয়ার। অবশ্য এ স্টক এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৬৪ কোটি টাকা কমেছে। আর লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৭৭টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৫৮ পয়েন্ট ছাড়িয়েছে। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২০০টি প্রতিষ্ঠানের। এর মধ্যে বেড়েছে ১২৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ১৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।