হরতাল-অবরোধে প্রবৃদ্ধির হার কমবে: মুহিত

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমবে। আর এটি হবে বিএনপির হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার কারণে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার সচিবালয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এইচডিএফ) এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
এইচডিএফের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ আর খানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, এইচডিএফের নির্বাহী পরিচালক তাসনিম হাসান হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদন জাতীয় সংসদে তুলে ধরার সময় জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাবেন বলে জানান অর্থমন্ত্রী।
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করবেন কি না—জানতে চাইলে মুহিত বলেন, ‘করতে তো হবেই। তবে এই মুহূর্তে ইচ্ছে নেই। অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন হবে কাল-পরশু। দ্বিতীয়টিও হচ্ছে। এরপর সার্বিক পর্যালোচনা করা হবে।’
গত ২৯ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৬ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে এমন প্রাক্কলন করা হয়েছে।
জিডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদন অর্থাৎ দেশের অভ্যন্তরে যে পরিমাণ পণ্য ও সেবার উৎপাদন হয়, তার যোগফল। আগের অর্থবছরের (২০১৩-১৪) জিডিপির আকার ছিল চলতি মূল্যে ১৩ লাখ ৫০ হাজার ৯২০ কোটি টাকা।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হয় ৭ দশমিক ২ শতাংশ। এর আগের অর্থবছরেও একই হার ধরা হয়েছিল। সরকার পরে অবশ্য লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করে ৭ শতাংশ। বাস্তবে ওই অর্থবছর শেষে প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছিল ৬ দশমিক ১২ শতাংশ।
বড় ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গত বৃহস্পতিবার একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিবিদসহ অনেকেই বিষয়টিকে সমালোচনার চোখে দেখছেন। বিষয়টি তুলে ধরে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি শুধু বলেন, ‘ঠিকই আছে।’
ঋণখেলাপিরা আগে ঋণ পুনঃ তফসিলের নামে অনেক সুবিধা নিয়েছেন। পুনঃ তফসিল করতে করতে যখন এ সুযোগও বন্ধ হয়ে আসে, তখনই নতুন নাম দিয়ে জারি করা হয় পুনর্গঠন নীতিমালা। এতে ৫০০ কোটি বা তার বেশি অঙ্কের ঋণগুলো এখন ১২ বছরের জন্য পুনর্গঠন করা যাবে।
নতুন নীতিমালা অনুযায়ী বেক্সিমকো গ্রুপেরই তো বেশি সুবিধা হবে—এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ। কারণ, তারা বড় গ্রুপ।’
অভ্যাসগত ঋণখেলাপিদের বারবার এমন সুযোগ দেওয়া উচিত কি না, জানতে চাইলে মুহিত দেশের ঋণখেলাপি সংস্কৃতি শুরুর দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এটা শুরু হয়েছে বাংলাদেশ হওয়ার পর থেকেই। তার আগে ছিল না। ধীরে ধীরে এটা প্রকট হয়েছে। এ থেকে বের হওয়া কঠিন।’
অর্থমন্ত্রী বলেন, এখন বাংলাদেশ ব্যাংক একটা নীতিমালা করেছে এবং সরকার তাদের কাজে বড় একটা হস্তক্ষেপ করে না। তবে নীতিমালাটি কাজ না করলে হস্তক্ষেপ করা হবে। এর আগে একটা কাজে হস্তক্ষেপ করেছিলেন বলে স্বীকার করেন মুহিত।
সেটা কী—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘দুই বছর আগে হস্তক্ষেপ করেছিলাম। ভুলেই গিয়েছি।’
প্রায় মাসব্যাপী চলা হরতাল-অবরোধে বাজেটে নগদ অর্থপ্রবাহের ওপর কী প্রভাব পড়বে—এমন জিজ্ঞাসার জবাবে মুহিত বলেন, ‘শুধু বাজেট নয়, সবকিছুর ওপরই প্রভাব পড়বে। মানুষের কাজকর্ম বন্ধ। কীভাবে এগোবে আর্থিক খাত?’ এর পরই রাজনৈতিক প্রসঙ্গে কথা বলা শুরু করেন মুহিত।