হল-মার্ক কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হল-মার্ক গ্রুপের নন-ফান্ডেড (এখনো ঋণপত্র পর্যায়ে রয়েছে এমন)  এক হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অনুসন্ধান করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যেই এ সিদ্ধান্ত সোনালী ব্যাংককে জানিয়ে দেওয়া হয়েছে।

হল-মার্ক গ্রুপের জালিয়াতি উদ্‌ঘাটনের পর সোনালী ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি অংশ এই জালিয়াতির ঋণকে পুনর্গঠন করে নিতে তৎপর ছিল। অভিযোগ উঠেছে, দুদকের সঙ্গে সেই চক্র মিলে এখন হল-মার্কের নন-ফান্ডেড ঋণগুলোকে অনুসন্ধানের বাইরে নেওয়া হলো। ফলে সোনালী ব্যাংককে তাদের কাছে পাওনা ২৬টি ব্যাংকের ভুয়া ঋণপত্রের দায়ও মেটাতে হবে৷ সে ক্ষেত্রে স্বীয় বিবেচনাতেই এসব ভুয়া বিলের মূল্য পরিশোধ করতে হবে ব্যাংককে৷ 

জানা যায়, গত ৭ এপ্রিল দুদকের শীর্ষ পর্যায় থেকে হল-মার্কের দুর্নীতি অনুসন্ধানে তদন্ত দলের প্রধানকে লিখিতভাবে জানানো হয় যে নন-ফান্ডেড দায়ের বিষয়টি দুদক অনুসন্ধান করবে না।

কিন্তু দুদক থেকে সোনালী ব্যাংককে এ তথ্য জানানোর আগেই পরের দিনই (৮ এপ্রিল) পরিশোধযোগ্য বিলের তালিকা তৈরি করে সাত কর্মদিবসের মধ্যে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে তা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এ কাজের জন্য ১৮ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। এর দুই দিন পর অর্থাৎ ১০ এপ্রিল দুদকের সিদ্ধান্তের চিঠিটি সোনালী ব্যাংকে পেঁৗছে৷ চিঠিটির অনুলিপি ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখায়ও পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক দুদকের কাছে হল-মার্কের ঋণ কেলেঙ্কারির তথ্য-উপাত্তসহ কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন পাঠিয়ে তদন্ত করার অনুরোধ করেছিল৷ কিন্তু দুদক নন-ফান্ডেড ঋণ জালিয়াতির অনুসন্ধান না করার সিদ্ধান্তটি বাংলাদেশ ব্যাংককে জানায়নি।

দুদক কী কারণে অনুসন্ধানে ‘রণে ভঙ্গ’ দিয়েছে সোনালী ব্যাংকে পাঠানো চিঠিতে তার কোনো ব্যাখ্যা নেই। তবে নিজ বিবেচনায় অন্য ব্যাংকের দায় পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংককে কয়েক দফা চিঠি পাঠানোর তথ্য-প্রমাণ পাওয়া যায়।

এ পরিস্থিতিতে গত বছরের ১৮ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকের পর্ষদ সভায় এক মাসের মধ্যে নিয়মনীতি মেনে অস্তিত্বসম্পন্ন কোম্পানির নামে লেনদেন হওয়া বিলের মূল্য পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু নন-ফান্ডেড ও একই সঙ্গে অস্তিত্বহীন কোম্পানির নামে স্বীকৃত বিলের অর্থ পরিশোধে পর্ষদ কোনো সিদ্ধান্ত নেয়নি। উপরন্তু, অস্তিত্বসম্পন্ন কোম্পানির নিয়মনীতি মেনে স্বীকৃত বিল বিষয়ে পর্ষদের সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন করেনি সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক বরাবরই ‘দুদকে তদন্তাধীন রয়েছে’—এই বলে পরিশোধের চাপ সামলে আসছিল।

এর আগে ২৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুদক চেয়ারম্যানকে চিঠি লিখে বিষয়টি দ্রুত তদন্ত শেষ করে নিষ্পত্তির অনুরোধ জানান। কিন্তু এরও আড়াই মাস পর দুদক অনুসন্ধান না করার সিদ্ধান্তটি গ্রহণ করে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখাসহ একাধিক শাখায় ২০১০ সাল থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত হল-মার্ক নামের এক অখ্যাত ব্যবসায়ী গোষ্ঠী সাড়ে তিন হাজার কোটি টাকা তুলে নেয়৷ যার সঙ্গে সোনালী ব্যাংকের বেশ কিছু কর্মকর্তা জড়িত ছিলেন৷ এর মধ্যে পুরোপুরি ঋণে পরিণত হয়েছে এমন (ফান্ডেড) এক হাজার ৯১৮ কোটি টাকার জালিয়াতির জন্য দুদক ৩৭টি মামলা করেছে৷ যার ১১টি মামলার অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে৷ আর নন-ফান্ডেড বা এখনো পুরো ঋণে পরিণত হয়নি এমন এক হাজার ৭০৯ কোটি টাকা আত্মসাতের সঙ্গে প্রাথমিক অনুসন্ধানে দেশি-বিদেশি ২৬টি ব্যাংকের সম্পৃক্ততা পেয়েছিল দুদক৷ যে অনুসন্ধান এখন বন্ধ করা হয়েছে।

নন-ফান্ডেড এক হাজার ৭০৯ কোটি টাকার মধ্যে ৩৯৩ কোটি টাকা সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যকার দায়। বাকি এক হাজার ৩১৬ কোটি টাকা বিভিন্ন ব্যাংকের পাওনা। এ বিষয়ে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘হল-মার্কের নন-ফান্ডেড অর্থের বিষয়টি দুদকের তফসিলে পড়ে না, কারণ এ ক্ষেত্রে সোনালী ব্যাংকের কাছ থেকে কোনো অর্থ ছাড় হয়নি।’ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক যৌথভাবে অনুসন্ধান করতে পারে বলে পরামর্শ দেন তিনি।