হল-মার্ক কেলেঙ্কারির প্রভাব পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে হল-মার্কের অর্থ কেলেঙ্কারির নেতিবাচক প্রভাব অন্যান্য ব্যাংকেও পড়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ প্রতিবেদন উপস্থাপন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন। মুহিত বলেন, সোনালী ব্যাংকে সংঘটিত ঘটনার প্রভাব অন্যান্য ব্যাংকের ওপরও পড়েছে। তাই ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ছাড়াও কয়েকটি ব্যাংকের ঋণ/অগ্রিম ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম ধরা পড়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্নীতি দমন কমিশন তাদের অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ প্রতারণার মাধ্যমে তুলে নেওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।বাজেট পরিস্থিতি: চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সরকার যা ব্যয় করেছে, তার চেয়ে বেশি আয় করেছে বলে গতকাল জাতীয় সংসদে উত্থাপিত প্রতিবেদনে অর্থমন্ত্রী উল্লেখ করেন।সরকারের রাজস্ব আয় বাড়ায় এই উদ্বৃত্ত হয়েছে বলেও মন্ত্রী জানান। অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সরকার সব মিলিয়ে ৩৪ হাজার ৩১০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আর মোট ব্যয় করেছে ২৭ হাজার ৮৭০ কোটি টাকা। ফলে তিন মাসে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ছয় হাজার ৪০ কোটি টাকা।অর্থমন্ত্রী জানান, আলোচ্য সময়ে রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় বাজেট উদ্বৃত্ত পরিলক্ষিত হচ্ছে। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ ও অনুদান গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তিনি বলেন, ব্যাংকবহির্ভূত উৎস থেকে (জাতীয় সঞ্চয়পত্র) প্রাপ্তি আশানুরূপ হয়নি। তবে সামনের দিনগুলোয় এর বিক্রি বাড়াতে প্রচারণামূলক কর্মকাণ্ড জোরদার করা হবে। পাশাপাশি ব্যাংক উৎস থেকে ঋণ গ্রহণ লক্ষ্যমাত্রার মধ্যে সীমিত রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা। জুলাই-সেপ্টেম্বর সময়ে আদায় হয়েছে ৩৪ হাজার ৩১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৯ দশমিক ৯ শতাংশ বেশি। আগামী মাসগুলোতে রাজস্ব আদায় আরও বাড়বে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে। মোট এক লাখ ৯১ হাজার ৭৩১ কোটি টাকার বাজেট ব্যয় ধার্য করা হয়েছে চলতি অর্থবছরের জন্য। এর মধ্যে প্রথম প্রান্তিকে ব্যয় হয়েছে ২৭ হাজার ৮৭০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের চেয়ে মোট ব্যয় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।গ্রামীণ ব্যাংক: সংসদে উত্থাপিত প্রতিবেদনে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাজ পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য গত ১৫ মে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এ সময়ে গ্রামীণ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রয়েছে এবং ব্যাংকটির প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে।