হল-মার্কের চেয়ারম্যান জেসমিনের বিরুদ্ধে আরও একটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের বিবরণী জমা না দেওয়ায় আর্থিক খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারির জন্য অভিযুক্ত তানভীর মাহমুদের স্ত্রী ও হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা (নং ২৪) দায়ের করেন।
এজাহারে বলা হয়, জেসমিন ইসলাম জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে ও বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অনুসন্ধানে প্রমাণ পেয়েছে দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান দল। এ কারণে তাঁকে বিস্তারিত সম্পদের বিবরণী ও দায়-দেনার তথ্য দুদকে জমা দেওয়ার জন্য চলতি বছরের ১৩ নভেম্বর বলা হয়। সাত দিনের সময় শেষে জেসমিন তাঁর আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন। তাতে করে আরও সাত দিন সময় বাড়ানো হয়। কিন্তু সর্বশেষ সময়সীমা চার ডিসেম্বরেও জেসমিন সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিল করেননি। যা দুদক আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
ইতিমধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোট ৩৮টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে প্রায় ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৭টি মামলা করা হয়। আর চলতি বছরের সাত অক্টোবর ফান্ডেড (স্বীকৃত বিলের বিপরীতে দায়) এক হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের দায়ে ২৬ জনের বিরুদ্ধে ১১টি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এসব মামলার সব কটিতেই জেসমিন ইসলাম আসামি।