অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, হল-মার্ক জালিয়াতির মতো ঘটনায় ব্যাংক ব্যবস্থাপনার দুর্বলতা ছিল। এর মধ্যে রাজনৈতিক কারণও থাকতে পারে। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে সরকার এ ধরনের জালিয়াতি ও চুরি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সিলেট নগরের সোনারপাড়ায় গত শুক্রবার বেসিক ব্যাংকের একটি শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাইর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী ও জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। অর্থমন্ত্রী জানান, দেশের ৪০ শতাংশ মানুষ ব্যাংকিং সেবার আওতায় আছে। বাকি ৬০ শতাংশ এখনো এই সুবিধার বাইরে রয়েছে। সে জন্য তিনি গ্রামেগঞ্জে ব্যাংকের আরও শাখা হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।