হলি আর্টিজানে হামলার প্রভাব এডিপিতে
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত জুলাই মাসে গুলশানের হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প সাহায্য পুরোপুরি খরচ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘ওই ঘটনার পর দেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরা চলে গিয়েছিলেন। যেমন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল নির্মাণ ও পদ্মা সেতু প্রকল্প। এসব প্রকল্পে যে পরিমাণ জনবল থাকার কথা ছিল, তা পাওয়া যায়নি। প্রায় ছয়-সাত মাস তাঁদের পাইনি। কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। এখন তাঁরা ফিরে এসেছেন।’
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রতিটি প্রকল্পেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য খরচও বেড়েছে।
আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, দেশের বড় অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোতে বিদেশিদের সম্পৃক্ত করা হয়। কারণ, এসব প্রকল্প কারিগরি। বিদেশিরাই এসব প্রকল্পের সমীক্ষা থেকে শুরু করে কারিগরি সবকিছুই করে থাকে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা কমানো হচ্ছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।