হস্ত ও কারুশিল্প নীতিমালার চূড়ান্ত অনুমোদন অক্টোবরে
অক্টোবরে ‘জাতীয় হস্ত ও কারুশিল্প নীতিমালা’র চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আজ রোববার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে খসড়া এই নীতিমালার ওপর আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন। সভায় নীতিমালার ওপর বিস্তারিত আলোচনা হয়।
সভায় দিলীপ বড়ুয়া বলেন, গ্রামীণ নারী কারুশিল্পী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্প, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমদানি বিকল্প পণ্য উত্পাদনের সক্ষমতা বাড়াতে এ নীতিমালা তৈরি করা হচ্ছে। এর আওতায় কারুশিল্পীদের আর্থিক ও রাজস্ব প্রণোদনার পাশাপাশি উত্পাদিত পণ্য বিপণনে সহায়তা করা হবে। একই সঙ্গে দক্ষতা উন্নয়নেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
দিলীপ বড়ুয়া আরও বলেন, হস্ত ও কারুশিল্প বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর বিকাশ ও পরিচর্যার মাধ্যমে পণ্যের দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে।
সভায় সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে খসড়া এই নীতিমালা চূড়ান্ত করার জন্য শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভূঁইয়ার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়।
শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভূঁইয়াসহ সংস্কৃতি, বস্ত্র ও পাট, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিক, বিনিয়োগ বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, নাসিব, বাংলাক্রাফটসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।