হস্তক্ষেপ চায় একীভূত বিডিবিএল
মূল ব্যাংকিং কার্যক্রম থেকে তেমন মুনাফা অর্জন করতে পারছে না রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। এর আয়ের প্রায় অর্ধেকই আসছে অন্যান্য উৎস থেকে। এর মধ্যে রয়েছে ভাড়া ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারহোল্ডার হিসেবে মুনাফা।
একীভূত হওয়ার আগে বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার (বিএসআরএস) গড় খেলাপি ঋণের যে হার ছিল, নতুন রূপে যাত্রা শুরুর পর তা আরও বেড়েছে। নানামুখী সংকটে আছে প্রতিষ্ঠানটি। বিডিবিএলের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এবং ব্যাংকটির অর্থনৈতিক ও গবেষণা বিভাগের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
সংকট উত্তরণে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে কয়েক দফা আবেদন জানিয়ে আসছে বিডিবিএল কর্তৃপক্ষ। এগুলোর মধ্যে রয়েছে ব্যাংকটির আয় বাড়াতে স্টক এক্সচেঞ্জের একটি সদস্যপদ নিলামে বিক্রি, অপ্রয়োজনীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি, ভবিষ্যতে আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রি, সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে তহবিল প্রাপ্তি এবং মামলা পরিচালনায় নামী আইনজীবী নিয়োগের অধিকার। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মতামত দেয়নি।
দেশের ইতিহাসে দুই আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ বিএসবি ও বিএসআরএস একীভূত হওয়ার উদাহরণ হিসেবে বিডিবিএলই প্রথম। একীভূত রূপে বিডিবিএলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১০ সালের ৩ জানুয়ারি। ২০১২ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ে বিডিবিএল কর-পূর্ব মুনাফা অর্জন করেছে ১০২ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে অফিস ভাড়া এবং আইসিবির ২৬ শতাংশ শেয়ারের মালিক হিসেবেই বিডিবিএল অর্জন করেছে প্রায় ৫০ কোটি টাকা।
আগে বিএসবি ও বিএসআরএসের নামে থাকলেও বর্তমানে রাজউক অ্যাভিনিউতে প্রধান কার্যালয় এবং কারওয়ান বাজার, চট্টগ্রাম ও খুলনায় বহুতলবিশিষ্ট চারটি নিজস্ব ভবন রয়েছে বিডিবিএলের। এগুলোসহ বিডিবিএলের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ঝিনাইদহ ও রাজশাহীতে মোট ২৭ বিঘা জমি রয়েছে।
বিডিবিএল একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক ও শিল্প পুঁজির জোগানদানকারী বিনিয়োগ প্রতিষ্ঠান। এর মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড রয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। ২০০৯ সালে বিডিবিএলের খেলাপি ঋণ ছিল ২৮ দশমিক ৫৬ শতাংশ। ২০১৩ সালের জুনে এসে তা দাঁড়িয়েছে ৪৪ শতাংশ।
বিডিবিএলের সম্পদের পরিমাণও বাড়ছে। ২০০৯ সালে যে সম্পদের দাম ছিল এক হাজার ৭৪৫ কোটি টাকা, একীভূত হওয়ার পর বর্তমানে তার দাম তিন হাজার ৭২৬ কোটি টাকা। পুনর্মূল্যায়নের কারণেই সম্পদের এ বাড়তি দাম।
অবলুপ্ত দুই প্রতিষ্ঠানের ৪০০টি প্রকল্পে মামলা রয়েছে ৬০০টি, যা অনিষ্পন্ন। এতে আটকে রয়েছে দুই হাজার কোটি টাকার কাছাকাছি। বিডিবিএলের ২০১০ সালে শাখা ছিল ১৭টি, বর্তমানে ২৬টি। ২০১০ সালে আমানত ছিল ৩২৫ কোটি টাকা, চলতি বছরের জুন পর্যন্ত তা হাজার কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে ঋণ ও অগ্রিম ছিল ৯৬০ কোটি টাকা, বর্তমানে এক হাজার ৪৭৪ কোটি টাকা।
বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, বিডিবিএলের আমানত দিন দিন বাড়ছে, বিনিয়োগও বাড়ছে। কয়েক বছরের মধ্যে এই ব্যাংকের ভালো উত্তরণ হবে বলে তিনি মনে করছেন। দক্ষ জনবল না থাকা ব্যাংকটির অন্যতম সংকট বলে উল্লেখ করেন বিডিবিএলের এমডি। হতাশার সঙ্গে তিনি জানান, ১৫০ জন নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও এর মধ্যে ৬০ জন চাকরি ছেড়ে চলে গেছেন।