হস্তশিল্প খাতের রপ্তানি আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব
উদ্যোক্তাদের নিজস্ব প্রচেষ্টায় হস্তশিল্প পণ্য উৎপাদনে দেশে নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। প্রতিবছর লাখ লাখ ডলারের হস্তশিল্পজাত পণ্য রপ্তানি হচ্ছে। সরকারের নীতি-সহায়তা পেলে হস্তশিল্প খাতের রপ্তানি আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) জানায়, বর্তমানে শতরঞ্জি, বিভিন্ন আকৃতির ঝুড়ি, পাটের তৈরি থলে, পাপোস প্রভৃতি ব্যাপক হারে রপ্তানি হচ্ছে। এ ছাড়া টেরাকোটা, মোমবাতি, নকশিকাঁথা, পাখির খাঁচা, বাঁশ ও বেতের বিভিন্নসামগ্রী, চামড়ার তৈরি মুদ্রার বাক্স (কয়েন বক্স), বেল্টসহ বিভিন্ন ধরনের হস্তজাত পণ্য রপ্তানি করছেন উদ্যোক্তারা। এসব হস্তশিল্প দেশের বিভিন্ন জায়গা থেকে আমেরিকা, জার্মানি, ইতালি, স্পেন, জাপান, বেলজিয়াম, ফ্রান্স, সুইডেন, পোল্যান্ড, নেদারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বাংলাক্রাফটের নিবন্ধিত ৩৮১টি হস্তশিল্প প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে রপ্তানিকারকের সংখ্যা পঞ্চাশের বেশি। এসব প্রতিষ্ঠানে প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় এক কোটি মানুষ জড়িত বলে দাবি করে সমিতিটি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি ২০১১-১২ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে ৩৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার হস্তশিল্পজাত পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছর এই আয় ছিল ৪৪ লাখ ৭০ হাজার ডলার।তবে বাংলাক্রাফটের সহসভাপতি মো. খায়রুল আলম বলেন, হস্তশিল্প খাতের রপ্তানি আয় আরও বেশি। কারণ পাট ও চামড়া দিয়ে বিপুল পরিমাণে হস্তজাত পণ্যে তৈরি হয়। কিন্তু এই রপ্তানির পরিসংখ্যান হস্তশিল্প খাতে না গিয়ে পৃথকভাবে পাট ও চামড়া খাতে চলে যাচ্ছে।বাংলাক্রাফট সূত্র জানায়, বাংলাক্রাফটস হস্তশিল্পজাত পণ্যের মানোন্নয়ন, ডিজাইনে বৈচিত্র্য আনা, কারুশিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে সরকারের কাছে ডিজাইন সেন্টারের জন্য জমি বরাদ্দ চায়। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাক্রাফটকে কাকরাইল মৌজায় শূন্য দশমিক ১২ শতাংশ সরকারি খাসজমি বরাদ্দের নির্দেশ দেন। তবে বরাদ্দ পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় জমিটি বুঝে পাননি তাঁরা।