হস্তশিল্প-পণ্যের বাজার দেশের সীমানা ছাড়িয়ে গেছে
দেশের হস্তশিল্প-পণ্য উ ৎ পাদনে নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বাজারেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে এসব পণ্য। উদ্যোক্তাদের নিজস্ব প্রচেষ্টায় প্রতিবছর লাখ লাখ ডলারের হস্তশিল্পজাত পণ্য রপ্তানি করা হচ্ছে। তবে সরকারের যথাযথ সহযোগিতা ও উদ্যোগের অভাবে সম্ভাবনাময় খাতটি কাঙ্ক্ষিত মাত্রায় গতি পাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমনকি বাণিজ্যমন্ত্রী ফারুক খান গত মাসের প্রথম দিকে ‘জাতীয় হস্তশিল্পনীতি’ প্রণয়নের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফ্ট) তথ্যানুযায়ী বর্তমানে শতরঞ্জি, বিভিন্ন আকৃতির ঝুড়ি, পাটের তৈরি থলে, পাপোশ প্রভৃতি ব্যাপক হারে রপ্তানি হচ্ছে। এ ছাড়া টেরাকোটা, মোমবাতি, নকশিকাঁথা, পাখির খাঁচা, বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী, চামড়ার তৈরি মুদ্রার বাক্স (কয়েন বক্স), বেল্টসহ বিভিন্ন ধরনের হস্তজাত পণ্য রপ্তানি করছেন উদ্যোক্তারা। কিছু পরিসংখ্যান: এসব হস্তশিল্প দেশের বিভিন্ন জায়গা থেকে আমেরিকা, জার্মানি, ইতালি, স্পেন, জাপান, বেলজিয়াম, ফ্রান্স, সুইডেন, পোল্যান্ড, নেদারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বাংলাক্রাফেটর নিবন্ধিত ৩১২টি হস্তশিল্প প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে রপ্তানিকারকের সংখ্যা প্রায় ৫০। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০১০-১১ অর্থবছরে ৪৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার মূল্যের হস্তশিল্পজাত পণ্য রপ্তানি হয়। ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৭ লাখ ৯০ হাজার ডলার। সেই হিসাবে গত অর্থবছর প্রবৃদ্ধি হয়েছে ১১৭ দশমিক ৯৭ শতাংশ। চলতি ২০১১-১২ অর্থবছরে অবশ্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ লাখ ৯০ হাজার ডলার। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে খাতটিকে আধুনিকায়ন করা সম্ভব হচ্ছে না। সরকারের সহযোগিতার অভাবও আছে। ফলে ভিয়েতনাম, চীন ও ভারতের সঙ্গে প্রতিযোগিতায় দেশের হস্তজাতশিল্প পণ্য মার খাচ্ছে। বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকার পরও হস্তজাত পণ্য রপ্তানির পরিমাণ একটি নির্দিষ্ট পর্যায়েই ঘোরাফেরা করছে। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, ২০০২-০৩ অর্থবছরে এ খাতের রপ্তানি আয় ছিল ৫৯ লাখ ডলার। পরের বছরই আবার তা কমে দাঁড়ায় ২১ লাখ ১০ হাজার ডলারে। তবে গত এক দশকের মধ্যে ২০০৬-০৭ অর্থবছরে হস্তজাত পণ্য রপ্তানি থেকে সর্বোচ্চ ৮১ লাখ ৬০ হাজার ডলার আয় হয়। ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে এই খাতের রপ্তানি আয় ছিল যথাক্রমে ৪৮ লাখ ৯০ হাজার ও ৬৪ লাখ ৪০ হাজার ডলার। একাধিক হস্তশিল্প রপ্তানিকারক জানান, স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে ক্ষুদ্র পরিসরে ব্যক্তি পর্যায়ে হস্তশিল্প রপ্তানি শুরু হয়। প্রাতিষ্ঠানিকভাবে প্রথম নিটল ক্রাফ্ট ঝুড়ি (বাস্কেট) রপ্তানি শুরু করে। ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয় আরও অনেক প্রতিষ্ঠান। বাংলাক্রাফেটর হিসাব অনুযায়ী, বর্তমানে কারুপণ্য রংপুর, ঢাকা ট্রেড, আস্ক হ্যান্ডিক্রাফ্টস, কুমুদিনী, আড়ং, নিপুণ ক্রাফ্টস, সান ট্রেড, হিড হ্যান্ডিক্রাফ্টস, ক্রিয়েশন, পাইওনিয়ারসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠান হস্তজাত পণ্য রপ্তানি করছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৭২-৭৩ অর্থবছরে ৩৯ হাজার ডলার রপ্তানি হয়। পরবর্তী ১৩ বছরের মধ্যে ১৯৮০-৮১ অর্থবছরে সর্বোচ্চ ৩৪ লাখ ৪৯ হাজার ডলার রপ্তানি আয় হয়। তবে এর আগের অর্থবছরেও ৩৩ লাখ ৭২ হাজার ডলার মূল্যের হস্তপণ্য রপ্তানি হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা যা বলেন: বাংলাক্রাফেটর সচিব মো. শাহ জালাল প্রথম আলোকে বলেন, এরশাদ সরকারের আমলে ও বছর পাঁচেক আগে সরকারি উদ্যোগে বিদেশ থেকে প্রশিক্ষক এনে উদ্যোক্তা ও শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। তখন বেশকিছু পণ্যের মানে বৈচিত্র্য বাড়ানো সম্ভব হয়। ফলে ওই সময় রপ্তানি আয় অনেক বেশি হয়।শাহ জালাল আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সরকার হস্তশিল্প প্রসারে নানামুখী উদ্যোগ নিচ্ছে। তারা শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়াসহ এ জন্য আলাদা “রপ্তানি নগর” তৈরি করেছে, যেখানে বিদেশের ক্রেতারা একসঙ্গে সব পণ্য সম্পর্কে ধারণা পান। সেখান থেকেই ক্রেতারা তাঁদের পছন্দ অনুযায়ী কার্যাদেশ দেন।’ বাংলাক্রাফেটর সচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের হস্তজাত পণ্য উ ৎ পাদনকারী প্রতিষ্ঠান সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। যোগাযোগব্যবস্থাসহ অন্যান্য কারণে বিদেশি ক্রেতারা সব জায়গায় যেতে চান না। উল্টো আমাদের তাঁদের পেছনে ঘুরতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারকে এ খাতের জন্য একটি “রপ্তানি নগর” তৈরি করার প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’ বর্তমানে দেশের হস্তশিল্প রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে আছে কারুপণ্য রংপুর লিমিটেড। ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে রংপুরে স্থানীয়ভাবে শতরঞ্জি প্রস্তুত ও বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। ২০০২ সাল থেকে রপ্তানিতে যায় কারুপণ্য। প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় শতরঞ্জি তৈরি করা হচ্ছে। রংপুরে ‘কারুপণ্য’ নামে দুটি ও ঢাকায় ‘শতরঞ্জি’ নামে একটি বিক্রয়কেন্দ্র আছে প্রতিষ্ঠানটির। পাট, ফেব্রিকস, ঝুট কাপড় ও সুতা দিয়ে শতরঞ্জি তৈরি করা হয়। প্রতি বর্গফুটের দাম ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আমেরিকা, কানাডা, চীন, জাপানসহ ইউরোপের প্রায় ৩৬টি দেশে শতরঞ্জি রপ্তানি করছে প্রতিষ্ঠানটি।কারুপণ্যের এক কর্মকর্তা জানান, শতরঞ্জি রপ্তানি করে গত অর্থবছরে বাংলাদেশ প্রায় ৩৫ লাখ ডলার আয় করেছে। চলতি অর্থবছর রপ্তানি আয় আরও ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।কারুপণ্যের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে টিকে থাকতে হলে তাঁদের চেয়ে কম মূল্যে ভালো মানের পণ্য তৈরি করতে হবে। কিন্তু মজুরি ও অন্যান্য উপকরণ বেড়ে যাওয়া এখন হিমশিম খেতে হচ্ছে। নিপুণ ক্রাফ্টস ১৯৭৩ সালে কুমিল্লার খাদি ও খদ্দর কাপড় দিয়ে পোশাক তৈরি শুরু করে। হস্তশিল্প প্রস্তুত শুরু আরও পরে। ১৯৯৪ সালে থেকে আমেরিকায় হাতের তৈরি লেপ রপ্তানি শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির তৈরি কুশন, টেবিলওয়্যার, বিছানার চাদর, পর্দা, রান্নাঘর সামগ্রী ইত্যাদি হস্তজাত পণ্য আমেরিকা, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশে রপ্তানি করছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাক্রাফ্টস হস্তশিল্পজাত পণ্যের মানোন্নয়ন, ডিজাইনে বৈচিত্র্য আনা, কারুশিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে সরকারের কাছে ডিজাইন সেন্টারের জন্য জমি বরাদ্দ চায়। ১৯৯৯ সালে ত ৎ কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাক্রাফ্টকে কাকরাইল মৌজায় শূন্য দশমিক ১২ শতাংশ সরকারি খাসজমি বরাদ্দের নির্দেশ দেন। বাংলাক্রাফেটর এক ব্যবসায়ী নেতা বলেন, ‘বরাদ্দ পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় আজও আমরা জমিটি বুঝে পাইনি। ফলে কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন ও পণ্য ট্রিটমেন্টের সুযোগ আটকে আছে।’ খাতটির সঙ্গে সংশ্লিষ্ট শৈবাল সাহা বলেন, ভিয়েতনামে হস্তশিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এক শতাংশ সুদে ব্যাংক ঋণ পান। এ ছাড়া ভারতে পাঁচ ও চীনে আট শতাংশ সুদে ব্যাংক ঋণ পান হস্তশিল্পজাত পণ্য উ ৎ পাদকেরা। কিন্তু বাংলাদেশের উদ্যোক্তারা এ সংক্রান্ত কোনো সুবিধা দিচ্ছে না। প্রথমসারির এক রপ্তানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অভিযোগ করে বলেন, হস্তশিল্প খাতটিকে দেখভাল করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার। কিন্তু সরকার এখানে অযোগ্য লোকদের নিয়োগ করে রেখেছে। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না।নিপুণ ক্রাফ্টসের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হস্তশিল্প খাতে এ পর্যন্ত যতটুকু সাফল্য এসেছে তার সবটুকুই উদ্যোক্তাদের নিজস্ব প্রচেষ্টায়। কিন্তু পুঁজির অভাবে প্রায়ই আমরা অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাচ্ছি।’ তিনি একই সঙ্গে পণ্যের মান ও বৈচিত্র্য বাড়িয়ে দেশীয় বাজারের চাহিদা মেটানোর দিকে উদ্যোক্তাদের জোর দেওয়ার কথা বলেন। এতে করে ভবিষ্যতে স্বাভাবিকভাবেই রপ্তানি আয় অনেকাংশে বেড়ে যাবে বলে মনে করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্যোক্তা বলেন, সবার নজর পোশাকশিল্পের দিকে। কিন্তু পোশাকশিল্পে শ্রম ছাড়া বাকি সবই আমদানি করতে হয়। ফলে খাতটিতে বিপুল পরিমাণ আয় হলেও এর প্রায় ৭৫ শতাংশই বাইরে চলে যায়। কিন্তু হস্তজাত পণ্যের প্রায় শতভাগই দেশীয় উপাদান ও প্রযুক্তিতে হয়। তাই বড় উদ্যোক্তার উচিত, এই খাতে বিনিয়োগ করা। তাঁর মতে, শুধু রপ্তানি বাজার নয়, দেশের বাজারেও এসব হস্তশিল্প-পণ্যের চাহিদা বাড়ছে। ঈদ ও পয়লা বৈশাখের মতো বড় বড় উ ৎ সবে দেশীয় পোশাকের পাশাপাশি এসব দেশীয় পণ্য বিক্রি বাড়ছে। তিনি আরও বলেন, একই সঙ্গে সরকার যদি স্বল্প সুদে ব্যাংক ঋণসহ নগদ সহায়তা দেয়, তবে রপ্তানি আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব। আর হস্তজাত পণ্য শতভাগ দেশীয় উপাদান হওয়ায় এ খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার পুরোটাই দেশে থেকে যাবে।