হস্তশিল্পজাত পণ্যের মেলা শুরু বিসিকে
হস্তশিল্পজাত পণ্যের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করে দিতে পাঁচ দিনের বর্ষামেলা ও কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে গতকাল রোববার এ মেলা শুরু হয়েছে।
বিসিক থেকে হস্তশিল্পজাত পণ্য তৈরির প্রশিক্ষণ নিয়েছেন এমন উদ্যোক্তাদের পণ্য নিয়েই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উদ্বোধনকালে বিসিকের চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার বলেন, মেলার মাধ্যমে উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়াস চালানো হয়।
বিসিকের প্রধান নকশাবিদ এস এম সামছুদ্দিন বলেন, উদ্যোক্তা হতে আগ্রহী তরুণ ও বয়স্ক—সবাইকেই নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে বিসিক। কম খরচে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। তিন মাসব্যাপী প্রতিটি প্রশিক্ষণ শেষে এতে অংশ নেওয়া উদ্যোক্তাদের নিয়ে একটি মেলার আয়োজন করে বিসিক।
অনুষ্ঠানে জানানো হয়, বিসিক এ পর্যন্ত ২৭ হাজার ৯৬ জনকে ১২ ধরনের হস্তজাত পণ্য তৈরিতে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে আছে ব্লক, বুটিক, মোড়কজাতকরণ, মৃৎশিল্প, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, বাঁশ-বেতের কাজ, ধাতবশিল্প, বুননশিল্প ও ফ্যাশন ডিজাইন। এ ছাড়া ৩১ হাজার ২৯৬টি নকশা ও ৬২ হাজার ৭৮৯টি নমুনা উদ্ভাবন বিতরণ করা হয়েছে।
আয়োজকেরা জানান, এবারের মেলায় ৬০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটের হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু, খাদ্যজাতসামগ্রীসহ নানা পণ্য ঠাঁই পেয়েছে। কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে মেলায় চলছে কারুশিল্প প্রদর্শনী। ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে কেউ মেলায় আসতে পারবেন।
অনুষ্ঠানে বিসিকের পরিচালক (বিপণন ও নকশা) সৈয়দ উমর খৈয়ামসহ বিসিকের পরিচালকেরা উপস্থিত ছিলেন।