হা ওয়েল টেক্সটাইলের লেনদেন শুরু
দেশের শেয়ারবাজরে তালিকাভুক্ত হলো হা ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, নতুন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটির ক্যাটাগরি হবে ‘এন’। ডিএসইতে প্রতিষ্ঠানটির লেনদেন কোড ‘হাওয়েলটেক্স’ ও কোম্পানি কোড ১৭৪৬১।
গত ২৪ ডিসেম্বর হা ওয়েলের আইপিও অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
আইপিওর মাধ্যমে হা ওয়েল টেক্সটাইল ২০ কোটি টাকা সংগ্রহ করে। প্রসপেক্টাসে দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি উত্তোলিত অর্থ মেশিনারিজ ও জমি ক্রয়, ভূমি উন্নয়ন, নতুন কারখানা ভবন নির্মাণ, বর্তমান কারখানার আধুনিকায়নে ব্যয় করবে।
২০১৩ সালে ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস তিন টাকা ৬৬ পয়সা।
এ দিকে আজ লেনদেনের শুরুতে এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম প্রায় ৩০০ শতাংশ বা ৩০ টাকা বেড়ে লেনদেন হয় ৪১ টাকায়।